২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার আমলে ‘বঞ্চিত’ ৩৬১ কর্মকর্তা পদোন্নতি পেলেন

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গত পাঁচ বছরে বঞ্চিতদের মধ্য থেকে ৩৬১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এদের মধ্যে ৩০১ জন বিসিএস প্রশাসন ক্যাডারের এবং বাকি ৬০ জন হচ্ছেন অন্যান্য ক্যাডারের।

সোমবার রাত রাত আটটায় সংস্থাপন মন্ত্রণালয় এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে। তবে মন্ত্রণালয়ের একটি সুত্র জানিয়েছে, সোমবার মোট ৩৫৩ জনের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৮ জন লিএনএ-তে থাকায় যোগদানের পরই তাদের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

পদোন্নতির খবর পেয়ে রাতেই কর্মকর্তারা সচিবালয়ে ছুটে আসেন এবং আনন্দ উৎসবে মেতে ওঠেন।

অনেক কর্মকর্তা সোমবার রাতেই কাজে যোগ দিয়েছেন। কারণ মন্ত্রণালয়

অনেক রাত পর্যন্ত খোলা ছিল। নিয়ম অনুযায়ী পদোন্নতি প্রাপ্তদের ওএসডি হিসাবে কাজে যোগ দিতে হয়। যোগদানের পর মঙ্গল-বুধবারের মধ্যে তাদের পদায়ন করা হবে।

পদোন্নতি প্রাপ্তদের মধ্যে, সচিব পদে ১০ জন, অতিরিক্ত সচিব পদে ৬১, যুগ্ন সচিব পদে ১১৪ এবং উপসচিব পদে ১৭৬ জন কর্মকর্তা রয়েছেন।

জোট সরকারের তৈরি করা নীতিমালার কারণে আবারও বঞ্চিত হয়েছেন ২৫৬ জন সিনিয়র কর্মকর্তা।

সোমবার রাতে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

তাদের ন্যূনতম যোগ্যতা বিবেচনা করে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে বিভিন্ন পর্যায়ের ২৫৬ জন বাদ পড়েছেন। এসব কর্মকর্তা নীতিমালা অনুযায়ী পাশ নম্বর পেতে ব্যর্থ হয়েছেন।”

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পেয়েছেন, বিসিএস ১৯৭৩, ১৯৭৭ এবং ১৯৭৯ ব্যাচের কর্মকর্তারা।

যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছে, বিসিএস ১৯৭৩, ১৯৭৭, ১৯৭৯, ১৯৮১ ও ১৯৮২ (নিয়মিত) ব্যাচের কর্মকর্তারা।

উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন বিসিএস ১৯৮১ ও ১৯৮২ (নিয়মত) ব্যাচের কর্মকর্তারা।

সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হয়েছেন বিসিএস ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৮ ব্যাচের কর্মকর্তারা।

আলী কবীরকে জোট সরকার চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার চাকরিতে পূনর্বহাল করে এবং গতকাল তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়।

তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর জোট সরকারের সময় উপসচিব থেকে সচিব পর্যায়ের বঞ্চিত কর্মকর্তারা তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনা করার দাবি জানান।

তাদের দাবির পরিপ্রেক্ষিতে পদোন্নতিকে রুটিন কাজ হিসেবে চিহ্নিত করে বঞ্চিতদের বিষয়টি বিবেচনার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর কয়েক দফায় সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভা বসে।

সর্বশেষ সোমবার সকালে অনুষ্ঠিত বোর্ডের সভায় পদোন্নতির জন্য ৩৬১ জন কর্মকর্তার নাম সুপারিশ করা হয়। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সন্ধ্যার পর পদোন্নতি সংক্রান্ত প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেন। এরপরই সংস্থাপন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করে।

জোট সরকারের পুরো মেয়াদে মোট ২৩ দফায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ২৩৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এরমধ্যে ৭৬ জন সচিব, ২০১ জন অতিরিক্ত সচিব, ৫৩২ জন যুগ্নসচিব ও ১৫৭০ জন উপসচিব রয়েছেন।

এতে প্রায় এক যুগ ধরে লেগে থাকা পদোন্নতির জট খুলে গেছে। তবে জট খুলতে গিয়ে রাজনৈতিক বিবেচনা এবং বর্তমান সরকার প্রণীত পদোন্নতি নীতিমালার মারপ্যাচে ১৪০২ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘বঞ্চিত’ করা হয়েছে।

এরমধ্যে সচিব পদে ৪২ জন, অতিরিক্ত সচিব পদে ১৫০, যুগ্ন সচিব পদে ৭৪২ ও উপসচিব পদে ৪৬৮ জন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। এই কর্মকর্তাদের অধিকাংশই ইতিমধ্যে অবসরে অথবা অবসর প্র¯ত্ততিমূলক ছুটিতে চলে গেছেন।

পদোন্নতির জন্য নির্ধারিত একশ’ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ২৫, গত পাঁচ বছরের গোপনীয় প্রতিবেদনের (এসিআর) জন্য ৩০, পুরো চাকরি জীবনের এসিআর-এ কোনো বিরুপ মন্তব্য না থাকার জন্য বোনাস নম্বর ১০ এবং এ পর্যন্ত চাকরিতে কোনো শাস্তি না পাওয়ার জন্য ১০ নম্বর ধরা রয়েছে। মোট একশ’ নম্বরের মধ্যে পাশ নম্বর হচ্ছে ৮৫।

যেসব কর্মকর্তা পাশ নম্বর পেয়েছেন তাদেরই পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছে বলে জানা গেছে।