প্রশাসনে আরো বেশ কিছু রদবদল
প্রশাসনের উপ সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ে আরো বেশ কিছু রদবদল ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার এসব রদবদলের আদেশ জারি হয়।
এদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত যুগ্ম সচিব মিজানুর রহমানকে ওএসডি করা হয়েছে। তিনি আগামি ১৭ ডিসেম্বর থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাবেন।
উপসচিবদের মধ্যে কুমিল্লা সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার সুসেন চন্দ্র রায়কে রাজশাহী রেলওয়ের প্রধান সম্পত্তি কর্মকর্তা, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মাহমুদুল হককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক, ওএসডি উপসচিব দবিরুল ইসলামকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমীনকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের ভূ-সম্পত্তি প্রশাসক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (রাঙ্গামাটি) সদস্য মোহাম্মদ নুরুল আমীনকে চট্টগ্রাম প্রবাসী নাবিক ও শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আবদুল ওয়াদুদকে দূর্নীতি দমন কমিশনের পরিচালক, ওএসডি উপসচিব রেবা রানী সাহাকে বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের (ডব্লিউটিও সেল) পরিচালক ও ওএসডি উপসচিব হারুনুর রশীদকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সচিব নিয়োগ করা হয়েছে।
এছাড়াও চট্টগ্রামের মূখ্য মহানগর হাকিম শেখ মোবারক হোসেনকে প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হেলাল উদ্দিনকে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে। ওএসডি উপসচিব নাসিমা বেগমকে পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।
সিনিয়র সহকারী সচিবদের মধ্যে নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার খোরশেদ আলমকে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে। ওই পদে রাজবাড়ীর পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর মোহাম্মদ মাসুমকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুনকে পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
