২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনডিআইয়ের প্রতিবেদন নিয়ে বৈঠক ডাকা উচিত ছিল: সাইফুল আলম

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা এনডিআইয়ের ‘ভূয়া ভোটার’ সংক্রান্ত প্রতিবেদনটি নিয়ে ভারপ্রাপ্ত সিইসির তৎক্ষণাৎ কমিশনের বৈঠক ডাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. সাইফুল আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাইফুল আলম বলেন, “ভারপ্রাপ্ত সিইসির উচিত ছিল তৎক্ষণাৎ বৈছক ডেকে সিদ্ধান্ত নেওয়া, আমরা এটি গ্রহণ করবো কি করবো না।”

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস ও এনডিআই প্রতিনিধিদলের সঙ্গে রোববার বৈঠক শেষে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “এনডিআই জরিপের তথ্য ভিত্তিহীন। সংস্থাটি এক কোটি ২২ লাখ ভুয়া ভোটারের কথা বলেছে। এ হিসেবের সঙ্গে আমরা একমত নই। তারা দেখিয়ে দিক কোথায় এ ভুল হয়েছে, আমরা সংশোধন করে নেবো।”

১৪ দল যে দুজন কমিশনারের বিষয়ে আপত্তি জানিয়েছে তাদের একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। অপরজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি ছুটিতে যেতে রাজি আছেন।

এদের দুজনের ছুটিতে যাওয়া এবং নতুন দুজনকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে সাইফুল আলম বলেন, “নতুন কেউ এলে কোনো অসুবিধা হবে না। মাঠ পর্যায়ে সব সাজানো আছে। কমিশন সিদ্ধান্ত নেবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কে কি দায়িত্ব পালন করবেন।”

নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজন আছে কিনা সে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “এখানে প্রধান চালিকা শক্তি ভালো থাকলে মাঝে অন্য কেউ থাকলেও অসুবিধা হবে না।”

১৪ দলের দাবি অনুয়ায়ী ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল না করে বরং পুনঃতফসিল ঘোষণা করা যেতে পারে বলে তিনি মন্তব্য করে তিনি বলেন, “প্রয়োজনে নির্বাচনের তারিখ ২/১ দিন পেছানো যেতে পারে।”

উল্লেখ্য, ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বর্তমানে রাষ্ট্রপতির অধীনে থাকা নির্বাচন কমিশন সচিবালয়কে স্বায়ত্বশাসন দেওয়ার বিষয়টি সমর্থন করে সাইফুল আলম বলেন, “শুধু দেখতে হবে এটা কে পরিচালনা করছে, কারা পরিচালনা করছে।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের একটাই কাজ। সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ন করা। কাজেই আমরা কেন এটা করতে পারবো না?”

নির্বাচনের পরে নির্বাচনী আইনে সংক্রান্ত সংস্কার আনা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের রদবদল প্রসঙ্গে কমিশনার বলেন, “এটা সম্ভব, তবে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে। গণহারে তা সম্ভব নয়।”