সিলেটে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, অর্ধ শতাধিক আহত
বিশ্বনাথ উপজেলার নতুন বাজার এলাকায় রোববার ১৪ দলের অবরোধ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদ আনু (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ২৭ জন গুলিবিদ্ধসহ উভয় দলের ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হন।
দুই দলের সংঘর্ষের এক পর্যায়ে ফয়েজের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হলে ১টার দিকে তিনি মারা যান। তার বাড়ি দশঘর ইউনিয়নের বাউশি গ্রামে এবং বাবার নাম তফাজ্জল হোসেন।
আহতদের মধ্যে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মুজাহিদ শরিফ, যুবদল নেতা সোহেল আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম, আবদুল মুমিন, রাসেল আহমদ, জুয়েল মিয়া এবং আ. লীগের রইছউদ্দিন (৪০), রফিক উদ্দিন (৩০), হেলালকে (২২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, র্যাব-পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে মুহিবুর রহমানের বাড়ি ঘিরে রেখেছে। এ ছাড়া তার বাড়িতে কয়েক দফা তল্লাশিও চালানো হয়েছে।
আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান অভিযোগ করেছেন, সাবেক সাংসদ ইলিয়াস আলীর সমর্থক বিএনপি সন্ত্রাসীরা ছাত্রলীগের দুই কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশের সহযোগিতায় তার বাড়িকে বিএনপি সন্ত্রাসীরা ঘিরে রেখেছে। এ ছাড়া পুলিশের সামনেই গুলি ও ককটেল বিস্ফোরণ হয়েছে।
তবে এম ইলিয়াছ আলী এ ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, “এই ঘটনাটি মুহিবুর রহমান নিজেই ঘটিয়েছেন। তিনি খুনি। তিনি অতীতেও বিভিন্ন খুনের সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি আমার ওপর দায় চাপাতে চাচ্ছেন।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী নির্বাচনে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান আ. লীগ নেতা মুহিবুর রহমান সকালে সদলবলে অবরোধ কর্মসূচি পালন করতে রশিদপুর যেতে চাইলে বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতাকর্মীরা ৮টা থেকেই তার বাড়ি ঘিরে সমাবেশ ও গান-বাজনার অনুষ্ঠান শুরু করে। এতে বিশ্বনাথ উপজেলা সদরের নতুনবাজারের রামপাশা সড়কের নিজ বাসায় মুহিবুর রহমান সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ থাকেন। খবর পেয়ে পুলিশও মুহিবুর রহমানের বাড়ির আশপাশে অবস্থান নেয়।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, “এ অবস্থায় পুলিশ কোনো ভূমিকা রাখেনি।”
মুহিবুর রহমানকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে তাকে মুক্ত করার জন্য দুপুর ১২টায় রামপাশা থেকে আওয়ামী লীগের একটি মিছিল তার বাড়ির কাছাকাছি পৌঁছালে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণও ঘটে। বিএনপি ও আ. লীগ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার এক পর্যায়ে ২৭জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই পুলিশের সহযোগিতায় বিএনপির হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় কারা গুলি করেছে আমরা জানি না। আমরা আপ্রাণ চেষ্টা করেছি উভয় পক্ষকে নিবৃত্ত করার।”
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তল্লাশি চালাবে পুলিশ।
