উপদেষ্টারা বললেন, তারা এখন সমাধানের পথে
রাষ্ট্রপতির সঙ্গে ১০ উপদেষ্টার টানা ছয় ঘন্টা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক সংকট নিরসনের প্রথম পদক্ষেপ হিসেবে তিন উপদেষ্টাকে নিয়ে গঠিত একটি কমিটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রধান দুই জোটের অন্য নেতাদের সঙ্গে কথা বলেছেন।
বৈঠক শেষে উপদেষ্টারা বলেছেন, দুই জোটের সঙ্গেই তাদের ‘খোলামেলা ও আন্তরিক’ আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই তারা একটা সমঝোতায় পৌঁছাতে পারবেন। তবে দুই জোটের নেতৃবৃন্দই বলেছেন, এ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি।
রাত সোয়া ৯টায় বিচারপতি ফজলুল হক, সি এম শফি সামি এবং মাহবুবুল আলমের সমন্বয়ে গঠিত তিন সদস্যের উপদেষ্টা কমিটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “১৪ দলের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। ১৪ দলের দাবিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা আশাবাদী খুব শিগগিরই একটা সমাধানে পৌঁছাতে পারবো।”
“শনিবার জোটের সঙ্গে বৈঠকে যেসব প্রস্তাব করা হয়েছিল সেগুলো নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে আলোচনার জন্যই আমরা এখানে এসেছিলাম। অত্যন্ত খোলাখুলিভাবে আমাদের আলোচনা হয়েছে।” তিনি জানান, তারা রোববার রাতের এই আলোচনার বিষয়বস্তু নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে বসবেন।
“কাল অথবা পরশু আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।” কোনো সমাধানের পথ খুঁজে পেলেন কিনা-এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “আমরা একটা সমাধানের দিকেই এগুচ্ছি।”
অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, “উপদেষ্টারা আমাদের কাছে প্যাকেজ প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমরা তাদের কাছে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। উপদেষ্টারা আমাদের জানিয়েছেন, কাল-পরশুর মধ্যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন।” (আরও তথ্যসহ)
উপদেষ্টাদের প্যাকেজ প্রস্তাব নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে জলিল বলেন, “ এ নিয়ে কিছু বলার সময় এখনও আসেনি। সময়ই বলে দেবে আমরা সন্তুষ্ট কি-না!”
জলিল বলেন, “উপদেষ্টারা তাদের সিদ্ধান্ত জানানোর পর আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো।”
অবরোধের প্রশ্নে জলিল বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং আমাদের দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।”
বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, শেখ সেলিম, সাবের হোসেন চৌধুরী, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও গণফোরামের পক্ষে পংকজ ভট্টাচার্য।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে তিন উপদেষ্টা হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের সঙ্গেও কথা বলেন।
বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, উপদেষ্টাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বৈঠকে কি কথা হয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেন, “১৪ দলের সঙ্গে উপদেষ্টারা আলোচনা করবেন। ১৪ দলের সিদ্ধান্ত জানার পর আমরা আমাদের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবো।”
তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম এসময় বলেন, শনিবার দুই জোটের নেত্রীর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনার ধারাবহিকতাতেই তারা এ উদ্যোগ নিয়েছেন। রোববারের সারাদিনের পুরো প্রক্রিয়াকেই তিনি ‘ফলপ্রসু’ বলে উল্লেখ করেন।
চার দলীয় জোটের পক্ষে উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও উপস্থিত ছিলেন আবদুল মান্নান ভূঁইয়া, কে এম ওবায়েদ, খন্দকার মোশাররফ হোসেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে উপদেষ্টামন্ডলী এবং নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকারের দিনব্যাপী বৈঠক বিকেল পাঁচটায় শেষ হয়। রোববার সকাল ১১ টায় বঙ্গভবনে তারা আলোচনায় বসেন।
উপদেষ্টামণ্ডলীর বৈঠকে বিচারপতি ফজলুল হক, সি এম শফি সামি এবং মাহবুবুল আলমের সমন্বয়ে গঠিত তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ওই কমিটি দুই প্রধান রাজনৈতিক জোটের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, শনিবার দুই জোটের নেত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের মধ্যে যে কথা হয়েছে তা নিয়েই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে মূলত আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ও আলোচনার অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও বলেন, এই বৈঠকে যেসব কথা হয়েছে সেই বক্তব্যগুলো দুই জোটের কাছে পৌঁছে দিতে তারা আজই তাদের সঙ্গে দেখা করে জানাবেন।
তথ্য উপদেষ্টা জানান, দুই জোটের সঙ্গে কথা বলার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন ফজলুল হক, সি এম শফি সামি এবং মাহবুবুল আলম। এই কমিটি একটি প্যাকেজ প্রস্তাব নিয়ে দুই জোটের সঙ্গে আলোচনায় বসবেন।
উপদেষ্টা বলেন, তফসিল পুনর্বিন্যাস না হলেও পুনঃনির্ধারণের বিষয়টি প্যাকেজের মধ্যে আছে। রাষ্ট্রপতির সঙ্গে রোববারের বৈঠককে ‘ফলপ্রসু’ উল্লেখ করে তিনি বলেন, চলমান সংকটের সমাধান বড় দুই জোটই কেবল করতে পারে। উপদেষ্টারা শুধু সহযোগীর ভূমিকা পালন করছে। তিনি জানান, দুই জোটের সঙ্গে আজ রাতেই কথা বলার পর তারা নিজেরা আবার বৈঠকে বসে একটা সমাধানে পৌঁছার চেষ্টা করবেন। সোমবারের মধ্যেই একটা সমাধানে পৌঁছানো যাবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন।
এর আগে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “অপেক্ষা করুন, আপনাদের জন্য ভালো খবর আছে।”
শনিবার রাতে রাষ্ট্রপতি ১০ উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদাভাবে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে খালেদা জিয়া পূর্বঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।
অন্যদিকে শেখ হাসিনা প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটারতালিকা সংশোধনসহ পাঁচ দফা দাবি জানান।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনী তফসিল বাতিলসহ ১৪ দলের পাঁচ দফা দাবিতে ডাকা অবরোধ কর্মসূচির মধ্যেই সরকারি পর্যায়ে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়। সারাদেশে অবরোধে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় সিলেটে একজন নিহত ও ২৭ জন গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক আহত হয়েছে।
