২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্যাকেজ প্রস্তাব’ নিয়ে তিন উপদেষ্টা সুধা সদনে

রাষ্ট্রপতির সঙ্গে ১০ উপদেষ্টার টানা ছয় ঘন্টা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিন উপদেষ্টা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতাদের সঙ্গে ধানমণ্ডির সুধাসদনে কথা বলছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এর আগে তারা হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের সঙ্গেও কথা বলেন। তবে ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

উপদেষ্টামণ্ডলীর বৈঠকে বিচারপতি ফজলুল হক, সি এম শফি সামি এবং মাহবুবুল আলমের সমন্বয়ে গঠিত তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই বর্তমান রাজনৈতিক ষংকট নিরসনে ওই কমিটি দুই প্রধান রাজনৈতিক জোটের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন।

এদিকে রাজনৈতিক সংকট সমাধানে উপদেষ্টাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া। চার দলীয় জোটের পক্ষে উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আবদুল মান্নান ভূঁইয়া, কে এম ওবায়েদ, খন্দকার মোশাররফ হোসেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, উপদেষ্টাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বৈঠকে কি কথা হয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেন, “১৪ দলের সঙ্গে উপদেষ্টারা আলোচনা করবেন। ১৪ দলের সিদ্ধান্ত জানার পর আমরা আমাদের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবো।”

তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম এসময় বলেন, শনিবার দুই জোটের নেত্রীর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনার ধারাবহিকতাতেই তারা এ উদ্যোগ নিয়েছেন। রোববারের সারাদিনের পুরো প্রক্রিয়াকেই তিনি ফলপ্রসু বলে উল্লেখ করেন।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে উপদেষ্টামন্ডলী এবং নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকারের দিনব্যাপী বৈঠক বিকেল পাঁচটায় শেষ হয়। রোববার সকাল ১১ টায় বঙ্গভবনে তারা আলোচনায় বসেন।

এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, শনিবার দুই জোটের নেত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের মধ্যে যে কথা হয়েছে তা নিয়েই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে মূলত আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ও আলোচনার অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও বলেন, এই বৈঠকে যেসব কথা হয়েছে সেই বক্তব্যগুলো দুই জোটের কাছে পৌঁছে দিতে তারা আজই তাদের সঙ্গে দেখা করে জানাবেন।

তথ্য উপদেষ্টা জানান, দুই জোটের সঙ্গে কথা বলার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন ফজলুল হক, সি এম শফি সামি এবং মাহবুবুল আলম। এই কমিটি একটি প্যাকেজ প্রস্তাব নিয়ে দুই জোটের সঙ্গে আলোচনায় বসবেন।

উপদেষ্টা বলেন, তফসিল পুনর্বিন্যাস না হলেও পুনঃনির্ধারণের বিষয়টি প্যাকেজের মধ্যে আছে। রাষ্ট্রপতির সঙ্গে রোববারের বৈঠককে ‘ফলপ্রসু’ উল্লেখ করে তিনি বলেন, চলমান সংকটের সমাধান বড় দুই জোটই কেবল করতে পারে। উপদেষ্টারা শুধু সহযোগীর ভূমিকা পালন করছে। তিনি জানান, দুই জোটের সঙ্গে আজ রাতেই কথা বলার পর তারা নিজেরা আবার বৈঠকে বসে একটা সমাধানে পৌঁছার চেষ্টা করবেন। সোমবারের মধ্যেই একটা সমাধানে পৌঁছানো যাবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন।

এর আগে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “অপেক্ষা করুন, আপনাদের জন্য ভালো খবর আছে।”

শনিবার রাতে রাষ্ট্রপতি ১০ উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদাভাবে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে খালেদা জিয়া পূর্বঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে শেখ হাসিনা প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটারতালিকা সংশোধনসহ পাঁচ দফা দাবি জানান। তাদের এ দাবিগুলো নিয়ে সকাল ১১টায় আলোচনায় বসে উপদেষ্টামণ্ডলি।