বঙ্গভবনে উপদেষ্টামণ্ডলীর বৈঠক শেষ
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে উপদেষ্টামন্ডলী এবং নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকারের বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। রোববার সকালে বঙ্গভবনে তারা আলোচনায় বসেন।
বৈঠক শেষে চারজন উপদেষ্টা বেরিয়ে যান। এসময় উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “অপেক্ষা করুন, আপনাদের জন্য ভালো খবর আছে।”
এর আগে শনিবার রাতে রাষ্ট্রপতি ১০ উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আলাদা আলাদাভাবে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে খালেদা জিয়া পূর্বঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।
অন্যদিকে শেখ হাসিনা প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটারতালিকা সংশোধনসহ পাঁচ দফা দাবি জানান। তাদের এ দাবিগুলো নিয়ে সকাল ১১টায় আলোচনায় বসেছেন উপদেষ্টামণ্ডলি। দাবি পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর কাছে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়।
