বরিশাল সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০
বরিশাল সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে রোববার ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে এক ফটো সাংবাদিকসহ দুপক্ষের ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বরিশাল বার্তার ফটোসাংবাদিক গিয়াস উদ্দিন সুমন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, ছাত্রদল কলেজ শাখার সাহিত্য সম্পাদক সোহেল শরীফ এবং জেলা ছাত্রদলের সহ-সাহিত্য সম্পাদক মেহেদী হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সোয়া ১১ টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা চঞ্চল দাস পাপ্পার নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কলেজ ছাত্র সংসদের এজিএস হাফিজ আহম্মেদ বাবলুর নেতৃত্বে ছাত্রদল কর্মীরা তাদের বাধা দিলে হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে কলেজ গেটের পূর্ব দিকের মসজিদের সামনে একটি ককটেল বিস্ফোরিত হলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ।
কোতোয়ালি থানা পুলিশ বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে এজিএস হাফিজ আহম্মেদ বাবলু জানান, ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করায় তাদের বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ নেতা চঞ্চল দাস অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল হামলা করেছে।
সংঘর্ষের কথা স্বীকার করে পুলিশের এসআই রফিক জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
