অবরোধ প্রত্যাহার করে নির্বাচনে আসুন: ১৪ দলকে মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ১৪ দলকে অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহার করে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে সাবেক নেতা এএসএম মুস্তাফিজুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় মান্নান ভূঁইয়া অভিযোগ করেন, দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ১৪ দল বিতর্কিত করে রেখেছে, জনগণ ও বিদেশের কাছে জাতির ভাবমূর্তি নষ্ট করছে। পর পর অবরোধ ডেকে তারা যে আন্দোলন করছে এটা কোনো রাজনীতি নয়। তিনি ১৪ দলকে অনাবশ্যক ও বিভিন্ন দাবির বাহানা দিয়ে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত না করার অনুরোধ জানান।
মান্নান বলেন, তারা নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বিতর্কিত করে তুলেছে এবং সবশেষে রাষ্ট্রপতির সম্মানিত পদ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার ঘটে যাওয়া ঘটনাকে পৃথিবীতে নজিরবিহীন উল্লেখ করে বলেন, যেভাবে একটি দলের আইনজীবীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কক্ষ ভাংচুর করেছেন তা ন্যাক্কারজনক।
এভাবেই ওই দলটি নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে বিতর্কিত করছে বলে উল্লেখ করেন মান্নান ভূঁইয়া। তিনি বলেন, সর্বশেষ রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদও তারা বিতর্কের মধ্যে নিয়ে এসেছে। তাদের কাছে প্রতিষ্ঠান বড় নয়, বড় হচ্ছে ব্যক্তি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম। সভাশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
