বান্দরবানে শান্তিচুক্তির কর্মসূচিতে সংঘর্ষের আশংকা
শান্তিচুক্তির ৯ম বর্ষ উপলক্ষে শনিবার চুক্তির পক্ষে-বিপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশংকা করছেন সংশ্লিষ্টরা।
১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চূুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এর পক্ষে জনসংহতি সমিতি (জেএসএস) ও বিপক্ষে সমঅধিকার আন্দোলন, ইউপিডিএফসহ কয়েকটি সংগঠন দিনটিকে ‘কালোদিবস’ হিসেবে পালন করে আসছে।
শনিবার শান্তিচুক্তির ৯ম বর্ষপূর্তিতে জেএসএস বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এ প্রসঙ্গে জেএসএস এর সদর উপজেলা সাধারণ সম্পাদক উচসিং মারমা বলেন, “আমরা শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবো।”
এদিকে সমঅধিকার আন্দোলনের নেতা হাফিজুর রহমান মাস্টার জানান, “শান্তি চুক্তি বাতিল করে পাহাড়ি-বাঙালী সমঅধিকারের দাবিতে আমরা কালো পতাকা উত্তোলন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবো।”
দুই পক্ষের এমন কর্মসূচির কারণে সংঘর্ষের আশংকা করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
