নির্বাচন কমিশনের উদ্যোগে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি: ভারপ্রাপ্ত সিইসি
নির্বাচন কমিশনের উদ্যোগের ফলেই রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপি ও আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রেইগ জেনিসের সাথে বৈঠকের পরপরই দুপুর ১২.১০ মিনিটে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান সাংবাদিকদের একথা জানান।
সব রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে ২১ জানুয়ারি নির্বাচনের দিন ঠিক রেখে তফসিলে ঘোষিত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের তারিখ পরিবর্তন করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশন নিজেই সব রাজনৈতিক দলগুলোর সাথে কোন আলোচনার উদ্যোগ নেবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে মাহফুজুর রহমান বলেন, সেরকম কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।
তবে চৌদ্দ দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এ প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।
বিভিন্ন সময় বিদেশি প্রতিনিধিদলের কাছ থেকে ‘হালনাগাদ ভোটার তালিকায় প্রায় দেড় কোটি ভুয়া ভোটার থাকার’ অভিযোগের বিষয়ে জাতিসংঘ দূতের আলোচনা হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোন আলোচনা হয়নি। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো। এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।”
তিনি বলেন, “সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি চলছে।”
কোন ধরনের বিভ্রান্তির অবকাশ যেন না থাকে সেজন্য জেলায় জেলায় ২০০০ সালের মূল ভোটার তালিকা রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সবাই আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন।”
তাদের অবহিত না করেই ‘তড়িঘড়ি’ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে কয়েকজন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সে বিষয়ে জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, “এটা উপদেষ্টাদের এখতিয়ার বহির্ভূত বক্তব্য। এ রকম মন্তব্য করার কোন সাংবিধানিক অধিকার তাদের নেই।”
