২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনই মনোনয়ন ফরম কিনলেন খালেদা জিয়া

প্রধান বিরোধী দলের অংশগ্রহণ এবং নির্বাচন নিয়ে অনশ্চিয়তা থাকলেও খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনই তা কিনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 12:04 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া এ বিক্রি শনিবার পর্যন্ত চলবে। ১০০০ টাকার বিনিময়ে এ তিনদিন সকাল ১০টা থেকে দুপুর একটা এবং বেলা ২টা-রাত ৮টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে এবং ২০ হাজার টাকা জামানতের মাধ্যমে ফরম জমা দেওয়া যাবে। এবার ৩০০ আসনেই প্রার্থী মনোনয়নের ফরম বিক্রি করছে বিএনপি।

বৃহস্পতিবার ফরম বিক্রি শুরুর পরপরই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, দলের মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার নামে ফরম নেওয়া হয়েছে। এছাড়াও রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু, দলের সহ সভাপতি এম কে আনোয়ার সহ কয়েকজন কেন্দ্রীয় নেতাও ফরম নিয়েছেন। ফরম সংগ্রহকে ঘিরে বিএনপি এর দলীয় নেতাকর্মীদের নয়াপল্টনে ভিড় জমেছে এবং প্রার্থীদের পক্ষে মিছিল করে ফরম সংগ্রহ করা হচ্ছে।

ফরম জমা নেওয়ার পর ডিসেম্বরের চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বনানীর হাওয়াভবনে মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ৪ ডিসেম্বর চট্টগ্রাম ও সিলেট, ৫ ডিসেম্বর রাজশাহী, ৬ ডিসেম্বর খুলনা ও বরিশাল এবং ৭ ডিসেম্বর ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।