২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল-কলেজগুলো অবরোধের আওতামুক্ত থাকবে: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল বলেছেন, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো রোববার থেকে শুরু হওয়া অবরোধের আওতামুক্ত থাকবে। এ ছাড়া হজ যাত্রীদের বহনকারী যানবাহনও অবরোধের আওতামুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আবদুল জলিল একথা জানান।

জলিল জানান, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কর্মকাণ্ডের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই এখন অকার্যকর হয়ে পড়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারিয়েছেন। তিনি বাংলাদেশকে আরও বিচ্ছিন্ন করে তুলেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই আওয়ামী লীগ সংযম প্রদর্শন করছে। শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সামনে নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদে পা দিয়ে নীলনকশা বাস্তবায়ন ও ভোটচুরিকে বৈধতাদানের জন্য কোনো প্রহসনের নির্বাচন বাংলাদেশের মানুষ হতে দেবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আবদুর রাজ্জাক, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।