২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমা হামলা: বিচার নিয়ে নিহতদের পরিবারের সংশয়

২৯ নভেম্বর বুধবার গাজীপুরে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার এক বছর। গত বছরের এই দিনে গাজীপুর বার লাইব্রেরি মিলনায়তনে আত্মঘাতি বোমা হামলায় চার আইনজীবীসহ নয়জন নিহত হন। এ ঘটনায় আহত হয় অন্তত ৩০ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ভয়াবহ এ হামলার রেশ কাটতে না কাটতেই ১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অনুরূপ হামলায় আরও একজন নিহত এবং সাংবাদিক ও আইনজীবীসহ ২৫ জন আহত হয়।

সেদিনের সেই নারকীয় হামলার স্মরণে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। জেলার আইনজীবীরা আদালত বর্জন করে সকাল থেকেই কালো ব্যাজ ধারণ করবেন।

সকাল ১০ টায় আদালত পাড়া থেকে শোক র‌্যালী বের হয়ে গাজীপুর শহর প্রদক্ষিণ করবে। দিনভর কর্মসূচির মধ্যে আছে স্মরণ সভা ও দোয়া মাহফিল।

এ ছাড়া নিহত আইনজীবী পরিবারগুলো পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও এতিম খানায় খাবার পরিবেশন করবে। নিহত আইনজীবী মোহাম্মদ নূরুল হুদার বন্ধুরা শুক্রবার দুস্থদের মধ্যে খাবার ও কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।

এদিকে নিহত আইনজীবীর স্বজনরা এক বছরেও বোমা হামলার মামলাগুলোর বিচার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

২৯ নভেম্বর আইনজীবী সমিতির ২নং হল রুমে বোমা হামলায় নিহতরা হলেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজম, অ্যাডভোকেট গোলাম ফারুক, অ্যাডভোকেট নূরুল হুদা, আইনী সহায়তা নিতে আসা আব্দুর রব (৬২), বশির উদ্দিন (৪৫), শামসুল হক (৩৮), মর্জিনা বেগম (৩৫) এবং আত্মঘাতি হামলাকারী শাকিল (২৫)।

বিচার নিয়ে নিহতদের স্বজনদের সংশয়

জঙ্গিদের বর্বরোচিত বোমা হামলার এক বছর পেরিয়ে গেলেও নিহতের স্বজনরা এখনো সেই দগদগে স্মৃতি বহন করে চলেছেন। এখন পর্যন্ত ওই হত্যা মামলার চার্জশিট জমা না দেওয়ায় তাঁরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

এমনকি হামলাকারীদের প্রকৃতই কোন কোন বিচার বা শাস্তি হবে কিনা তা নিয়েও তাঁদের মধ্যে প্রচন্ড সংশয় রয়েছে।

এদেরই একজন অ্যাডভোকেট আমজেদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম এখনও স্বামীর শোকে কাতর।

শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার বাড়িতে মঙ্গলবার বিকেলে তিনি আক্ষেপ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বোমা হামলার নেপথ্য খলনায়করা ধরা পড়ার পর তাদের হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়। অথচ তাঁর স্বামী এম্বুলেন্সের সুবিধাটি পর্যন্ত পাননি।

স্মৃতিচারণ করে কান্নাজড়িত কণ্ঠে ফাতেমা বেগম বলেন, “বোমা হামলার খবর দেখে তখনি আমি বড় ছেলে নাজমুল হোসেন রানাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। তাঁর সারা শরীর, মাথার চুল ও ভুরু ছিলো পোড়া। সুদর্শন আমজাদ হাসেনকে তখন চেনার কোন উপায় ছিল না। আমি তাঁকে ধরতেই ছেলে বলে উঠে মা তুমি কাকে ধরেছ? উনি আমার বাবা নন।” এরপর আর কোন কথা বলতে পারেননি তিনি।

তার ভাই নাসির উদ্দিনও হামলাকারীদের বিচারের ব্যাপারে সংশয় প্রকাশ করেন।