২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান দুই উপদেষ্টা

তফসিল ঘোষণায় তাড়াহুড়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে খোলাখুলি সন্দেহ জানালেন তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান মঙ্গলবার বিকেলে বলেছেন, “প্রধান বিরোধী দল অংশ না নিলে পৃথিবীর কোথাও নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না।”

অন্যদিকে হাসান মশহুদ চৌধুরী বলেন, “তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করায় জনগণের মনে সন্দেহ জেগেছে। এতে পুরো নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হতে পারে।”

প্রধান রাজনৈতিক দলের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান সম্পর্কেও প্রায় একই মত দিয়েছেন এ দুই উপদেষ্টা।

আকবর আলী খান সাংবাদিকদের বলেন, “প্রধান রাজনৈতিক দলগুলো মনে করে দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলোর এই ভাবনা অযৌক্তিক নয়। কারণ তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী প্রশাসনিক বিন্যাসও করা হয়নি।”

অন্যদিকে হাসান মশহুদ চৌধুরী বলেন “যে কারণে তারা কর্মসূচি দিচ্ছে তা যদি গ্রহণযোগ্যভাবে সমাধান করা হতো, তাহলে হয়তো তারা কোনো কর্মসূচি দিতেন না। তাদেরও রাজনৈতিক উদ্দেশ্যে আছে।”

তফসিল ঘোষণা সম্পর্কে আকবর আলী খান বলেন, “প্রচলিত রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টাকে তফসিল ঘোষণার বিষয়টি অবহিত করেন এবং প্রধান উপদেষ্টা অনানুষ্ঠানিকভাবে অন্য উপদেষ্টাদের জানাবেন। কিন্তু এবারই মনে হয় ব্যতিক্রম হলো। কারণ প্রধান উপদেষ্টা এ ব্যাপারে আমাদের কিছুই জানাননি।”

আর এ প্রসঙ্গে হাসান মশহুদ চৌধুরী বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তফসিল ঘোষণা করা। তারা আমাদের তা জানাতে বাধ্য নয়। তবে একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করলে পরস্পরের প্রতি আস্থা বাড়ে। তাছাড়া নির্বাচন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে বিবেচনা করা উচিত তার প্রতিক্রিয়া কি হবে।”

নির্বাচন কমিশনে বিতর্কিত নিয়োগ প্রসঙ্গে হাসান মশহুদ বলেন, “দুঃখজনক হলেও এটা সত্যি যে, বিতর্কিত ব্যক্তিরা এর আগেও কমিশনারের দায়িত্ব পেয়েছেন। বিতর্কিত বিষয়টি সব সময়ই আপেক্ষিক।”

আর নতুন দুই নির্বাচন কমিশনার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আকবর আলী খান বলেন, “আমরা এ নিয়োগ সম্পর্কে কিছুই জানি না। দুই নির্বাচন কমিশনার উপদেষ্টাদের কাছে নিরপেক্ষ বা বিতর্কিত কিনা সেটা বড় কথা নয় পুরো জাতির কাছে তারা অবিতর্কিত হলে খুশী হবো।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আকবর আলী খান বলেন, “বিতর্কিত নির্বাচনের দায় উপদেষ্টারা গ্রহণ করবেন কিনা তা সময় বলে দেবে।”