২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাস ছাড়াই সচিবালয়ে ঢুকলেন সাবেক প্রতিমন্ত্রীর ছেলে

ত্রিশোর্ধ্ব এক ভদ্রলোক বাংলাদেশ সচিবালয়ের কড়া নিরাপত্তার মধ্যেও কোনোরকম পাস ছাড়া অনায়াসেই ঢুকে গেলেন ভিতরে। পরে জানা গেল, তিনি আর কেউ নন, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সচিবালয়ের প্রায় সবাই তাকে চেনেন, কারণ তিনি এখানে নিয়মিতই আসেন।

মঙ্গলবার পুলিশের নাকের ডগায় গাড়িটি ভিতরে ঢোকে। পুলিশ তখন গাড়িটি অনুসরণ করে কিছুদূর গিয়ে তাকে ও তার গাড়ির চালককে আটকে রাখে প্রায় ৩০ মিনিট। তাদের মধ্যে কি কথা হয় তা জানা যায়নি। তবে ওখান থেকে ওই ভদ্রলোক হেঁটেই চলে যান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এখানেই তার বাবা গত ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এসময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর দুই প্রতিবেদক দায়িত্বরত পুলিশের সহকারি কমিশনার হাবিবুর রহমানকে ‘আগন্তুক’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “লোকটি কে তা তিনি চেনেন না।”

“তিনি কোন মন্ত্রণালয়ে গেছেন” এ প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, “আমি জানি না, এটা জানা আমার কাজের মধ্যে পড়ে না।”

তবে সচিবালয়ের গেইটের দায়িত্বে থাকা এসবি পুলিশের কর্মকর্তারা ঠিকই জানতেন, ‘লোকটি আসলে কে’। তারা বলেন, এই যুবক এখানে নিয়মিতই আসেন এবং সবাই তাকে চেনে। তবে তারা ওবু যুবকের নাম বলতে চাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটির নাম জয়, তবে তার পুরো নাম তাৎক্ষণিকভাবে তারা বলতে পারেননি। তিনি টাই ছাড়া স্যুট পরে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সচিবালয়ে ঢোকার একটি পাস নিয়ে আসেন এবং তা দিয়েই তিনি সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

জয়কে বহনকারী গাড়িটির নম্বর ছিল ঢাকা-মেট্রো-জিএ০২-২১৫২।

পাস ছাড়া সচিবালয়ের প্রবেশের দণ্ড কি জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আর্থিক জরিমানা থেকে শুরু করে কারাদণ্ডও হতে পারে।