‘রাজনৈতিক দলগুলো একমত হলে তফসিল পরিবর্তন হতে পারে’
নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে নির্বাচনের তফসিল পরিবর্তন করা সম্ভব।
মঙ্গলবার দুপুরে কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সচিব একথা বলেন।
সচিব আরও বলেন, “দেশের জন্যই তো সবকিছু। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তফসিল পরিবর্তনের নজির অতীতে রয়েছে।”
এক প্রশ্নের জবাবে আবদুর রশীদ বলেন, “সকল দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কেউ চাইবে না নির্বাচন হোক।”
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের জন্য নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেবে কি না ? এ প্রশ্নের জবাবে সচিব বলেন,“না, এটা আমরা করতে পারি না। তবে তত্ত্বাবধায়ক সরকার করতে পারেন।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করবেন কি না? এর জবাবে তিনি বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি একাধিকবার জানিয়েছি। আমি নিজেও বলেছি।”
সাংবাদিকরা সচিবকে প্রশ্ন করেন, প্রথানুযায়ী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেন না কেন? সচিব এর উত্তরে বলেন,“সময় কম, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আলোচনা করা সম্ভব হয়নি।”
সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে নির্বাচনের দিন পেছানো হবে কি না-এর উত্তরে নির্বাচন কমিশন সচিব বলেন,“এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি।”
উপদেষ্টারা বলেছেন তারা তফসিল ঘোষণার বিষয়টি জানতেন না। তাদের না জানিয়ে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেন কেন? এ প্রশ্নের জবাবে আব্দুর রশীদ সরকার বলেন,“প্রধান উপদেষ্টার মতামত নিয়েই তা করা হয়েছে। লুকোচুরির প্রশ্ন নেই। কমিশন কোনো দল বা ব্যক্তির প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ থেকে তফসিল ঘোষণা করেনি। এখানে এ ধরনের আচরনেরও কোনো সুযোগ নেই।”
নির্বাচন কমিশন নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি।
