২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটি হয়েছে শুধু উত্তরার ঘটনা তদন্তে: দুই উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা আকবর আলী খান ও হাসান মশহুদ চৌধুরী বলেছেন, উত্তরার ঘটনা তদন্তেই কমিটি গঠিত হয়েছে। সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের বাণিজ্যিক প্রতিষ্ঠানে কথিত ‘গোপন বৈঠক’ নিয়ে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে আকবর আলী খান বলেছেন, “আমরা যে কমিটির কথা বলেছি তার উত্তরার হাসান মশহুদ চৌধুরী বলেছেন, “কেবলমাত্র উত্তরার ঘটনার জন্যই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য কোনো কিছুর জন্য নয়।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মঙ্গলবার সকালে সচিবালয়ের দপ্তরে সাংবাদিকদের হাসান মশহুদ চৌধুরী বলেন, “তদন্ত কমিটির সঙ্গে আগের ঘটনা কেন জড়ানো হয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি না। তবে নতুন করে কিছু ঘটে থাকলে সেটা যিনি করেছেন তার দায়িত্ব তিনিই নেবেন।”

নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তফসিল ঘোষণা করা। তারা আমাদের তা জানাতে বাধ্য নয়। তবে একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করলে পরস্পরের প্রতি আস্থা বাড়ে। তাছাড়া নির্বাচন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে বিবেচনা করা উচিত তার প্রতিক্রিয়া কি হবে।”

এ প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান আরও বলেন, “নিজেদের মধ্যে আস্থা বাড়ানোর জন্য অন্তত একটা ইঙ্গিত দিলেও ভালো হতো। ভালো ফলও পাওয়া যেতো। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করায় জনগণের মনে সন্দেহ জেগেছে। এতে পুরো নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হতে পারে।”

একটা জোটের তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনের কর্মসূচি দেওয়া প্রসঙ্গে হাসান মশহুদ বলেন, “যে কারণে তারা কর্মসূচি দিচ্ছে তা যদি গ্রহণযাগ্যভাবে সমাধান করা হতো, তাহলে হয়তো তারা কোনো কর্মসূচি দিতেন না। তাদেরও রাজনৈতিক উদ্দেশ্যে আছে। তবে দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি সমর্থন যোগ্য নয়।”

বিতর্কিত ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসান মশহুদ বলেন, “দুঃখজনক হলেও এটা সত্যি যে, বিতর্কিত ব্যক্তিরা এর আগেও কমিশনারের দায়িত্ব পেয়েছেন। বিতর্কিত বিষয়টি সব সময়ই আপেক্ষিক।”

আপনারা কখন নিজেদেরকে ব্যর্থ ভাববেন? এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “নির্বাচনী প্রক্রিয়া সকলের কাছে যদি গ্রহণযোগ্য না হয় তখন নিজেদের ব্যর্থ মনে হবে। তবে হাল ছেড়ে দেওয়ার সময় এখনও আসেনি। প্রধান নির্বাচন কমিশনারের বিষয়টি সমাধান হয়েছে। আমি আশাবাদী এরও একটা সমাধান হবে।”

একটা সমস্যার সমাধান না হতেই আরেকটা সমস্য তৈরি করছে কারা? এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে উপদেষ্টা বলেন, “আমিও এর সঙ্গে একমত। সবাই ভালোভাবেই জানে এসব কারা করছে।”

১৪ দলের আন্দোলন প্রসঙ্গে হাসান মশহুদ চৌধুরী বলেন, “এক সময় যখন শুভবুদ্ধির উদয় হবে তখন সবাই একত্রে বসবে।”