২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে তাণ্ডব, ইয়াজউদ্দিন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার শুনানি বুধবার

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা পৃথক তিন মামলার শুনানি নিয়ে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের সঙ্গে আবেদনকারীদের তুমুল হট্টগোল, হৈ চৈ ও বাকবিতণ্ডার পর বুধবার শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষই পৃথক সংবাদ সম্মেলন করে পরষ্পরকে দোষারোপ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মামলার বাদীপক্ষের কৌঁসুলি ব্যারিস্টার তানিয়া আমীরের প্রতি অকথ্য ভাষায় গালিগালাজ ও তার প্রতি অশোভন আচরণের অভিযোগ করা হয়েছে। তানিয়া আমীর বলেছেন, “অ্যাটর্নি জেনারেলসহ বিএনপি সমর্থক আইনজীবীরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।” টিএইচ খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার আমিনুল হকের কথা উল্লেখ করে তানিয়া সাংবাদিকদের বলেন, পিতার সমান যেসব ব্যক্তিদের দৃষ্টান্ত অনুসরণ করে তিনি আইন পেশায় রয়েছেন তারাই তার প্রতি এ অশোভন আচরণে উস্কানি দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলেন, আদালত কক্ষেই তানিয়া আমীরকে উদ্দেশ্য করে বিএনপি সমর্থক আইনজীবীরা ‘বেয়াদব’ ‘সফিসটিকেটেড প্রস্টিটিউট’ বলে গালমন্দ করে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আদালতকে প্রভাবিত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, “রিটগুলো শুনানির জন্য মঙ্গলবার নির্ধারণ করা হলেও অ্যাটর্নি জেনারেল ও সাবেক দুই মন্ত্রী মওদুদ আহমেদ ও আমিনুল হকের চাপে তা বুধবারে নেওয়া হয়।”

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রোকনউদ্দিন মাহমুদ বলেন, “অ্যাটর্নি জেনারেলের আচরণ দেখে মনে হয়েছে যে, দেশে কোনো সরকার পরিবর্তন হয়নি। এর আগে প্রত্যেকবার তত্ত্বাবধায়ক সরকার আসার সময়ই অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হলেও এবার এখনও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদে জোট সরকারের নিয়োজিত কর্মকর্তাই আইনজীবীই আছেন। আদালতে দেওয়া তার বক্তব্যকে তাই বিদায়ী জোট সরকারেরই রাজনৈতিক বক্তব্য বলে মনে হয়েছে।”

অন্যদিকে বিএনপি-জামায়াত জোট সমর্থক আইনজীবীরা সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করে বলেছেন, “জনগণের সমর্থন না থাকায় আওয়ামী-বাকশালীরা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অহেতুক মামলা করে পরিস্থিতি ঘোলাটে করে তুলতে চাইছে।”

সোমবার সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা হাইকোর্টে শুনানি শুরুর প্রথমেই অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মামলার প্রস্তুতি গ্রহণের জন্য তিনদিনের সময়ের আবেদন করেন। তিনি বলেন, “গতকাল এ মামলার অনুলিপি পেয়েছি। মামলা তিনটিতে গুরুত্বপূর্ণ জনস্বার্থ জড়িত বলে প্রস্তুতি নেওয়ার জন্য সময়ের প্রয়োজন।”

এ পর্যায়ে আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, “আমাকে শুনানি করার সুযোগ দেওয়া হোক। অ্যার্টনি জেনারেল আমার বক্তব্য শুনেই মামলার বিষয়বস্তু বুঝে ফেলবেন। সংবিধানে বলা আছে, কীভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলি কিভাবে নিযুক্ত হবেন এবং কার্যক্রম পরিচালনা করবেন। তফসিল কখন ঘোষণা করা হবে তাও আইনে বলা আছে।”

অ্যার্টনি জেনারেল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রায় এক মাস পরে তারা মামলা নিয়ে এসেছেন। তিন দিন পর শুনানি হলে কি ক্ষতি হবে?”

এ পর্যায়ে আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করতে চাইলে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, “এর মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করে ফেলবে। তাই এ মামলাটি আগে শুনানি হওয়া উচিত।”

রোকনউদ্দিন মাহমুদ বলেন, “সংবিধানের ৫৮ খ (৩) অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সকলের সঙ্গে আলোচনা করে কাজ করবেন। বিষয়টি বর্তমান সময়ের অন্যতম আলোচিত ঘটনা। তাই অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হওয়া উচিত। তখন আদালত মঙ্গলবার দুপুর ২টায় শুনানির সময় নির্ধারণ করলে বাদী পক্ষের সিনিয়র আইনজীবী ও তাদের সমর্থকরা আদালত কক্ষ থেকে বেরিয়ে আসে।

এর পরপরই অ্যার্টনি জেনারেল বিষয়টিতে আবার আপত্তি জানালে ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, “অবস্থা দেখে মনে হচ্ছে অ্যার্টনি জেনারেল যে মামলা চাইবেন, তারই শুনানি হবে।”

এ কথা শুনে অ্যার্টনি জেনারেল রাগান্বিত সুরে ‘শাট আপ’ বলে উঠেন। তানিয়া আমীরও ‘ইউ শাট আপ’ বলে পাল্টা জবাব দেন।

এসময় বিএনপি জোট সমর্থিত আইন কর্মকর্তা ও আইনজীবীরা অকথ্য ভাষায় তানিয়া আমীরকে গালিগালাজ করতে থাকেন। আদালত এ অবস্থায় অসহায়ের মতো কিছুক্ষণ বসে থাকেন। পরে আদালত বলেন, “আপনারা সকলে এ আদালতে কাজ করেন। এর মর্যাদা রক্ষার দায়িত্ব আপনাদের। আদালতে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত। এ পর্যায়ে রিটকারীর সিনিয়র কৌঁসুলীদের আদালতে আসতে খবর দেওয়া হয়। তারা এলে পুনরায় মামলার শুনানি বুধবার নির্ধারণ করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ১৪ দল ও আন্দোলনকারী দলগুলোর ১০ নেতা রোববার বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর আদালতে এ আবেদনগুলো দায়ের করেন।

আবেদনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৫৮ গ(৩), (৪) ও (৫) অনুচ্ছেদ যথাযথভাবে প্রয়োগ না করেই শপথ ভঙ্গ করে বেআইনী ও অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তাই রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদে থাকা বেআইনী ঘোষণার দাবিসহ সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমিন চৌধুরীকে ওই পদে নিয়োগ দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে আবেদনে।