২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়ার সমালোচনায় মুখর বিএনপিপন্থী প্রকৌশলীরা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত প্রকৌশলীদের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সামনেই কঠোর ভাষায় মিডিয়ার সমালোচনা করলেন বিএনপিপন্থী প্রকৌশলীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

অ্যাবের মহাসচিব শাহরিন ইসলাম তুহিন মিডিয়ার সমালোচনা করে খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, “ইলেকট্রনিক মিডিয়াই আমাদের বেশি ক্ষতি করেছে। যার অধিকাংশের মালিক আপনার দলের লোক। তারা নিরপেক্ষ নয়, এক তরফা সংবাদ পরিবেশন করে।”

এ সময় সামনের অতিথিদের সারিতে জিয়াউল হক জিয়ার পাশে বসা এনটিভি ও আরটিভির কর্নধর মোসাদ্দেক আলী ফালুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “জিয়া ভাইয়ের সামনেও একজন বসে আছে।”

অ্যাবের প্রতিষ্ঠাতা সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “প্রতিদিন রাত ২টা পর্যন্ত জেগে থেকে টক শো দেখি। কিন্তু সেখানে শুধু ছয় নায়ককেই দেখা যায়। তারা হলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, মেজর জে. (অব.) ইব্রাহিম, ব্যারিস্টার আমীরুল ইসলাম, তানিয়া আমির, এএসএম শাহজাহান এবং হাফিজউদ্দিন আহমেদ।”

মঞ্জুরুল আহসান রসিকতা করে বলেন, “ব্যারিস্টার আমীরুল ইসলামকে প্রধান উপদেষ্টা এবং ব্যারিস্টার রোকনউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করলেও শেখ হাসিনা বলবেন নির্বাচন নিরপেক্ষ হয়নি।”

এ সময় সাংবাদিকদের কাছে একটি ধাধা রেখে তিনি বলেন, “১৪ দলে আওয়ামী লীগ ছাড়া অন্য ১৩টি দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রধান কার্যালয়ের ঠিকানা আপনারা বলতে পারলে পুরস্কৃত করা হবে।”