আমলাদের নিয়ে মাহমুদুর রহমানের গোপন বৈঠক
সাবেক জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান শুক্রবার রাতে উত্তরায় তার নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠান আর্টিসান সিরামিক অফিসে ১০/১২ সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাসহ ৫০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে গোপন বৈঠক করেছেন।
প্রায় দু’ঘন্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে এক পর্যায়ে মাহমুদুর রহমান স্বীকার করেন, আমন্ত্রিত ও বৈঠকে যোগ দেয়া অতিথিদের মধ্যে ১০/১২ জন সাবেক ও বর্তমান আমলা এবং কয়েকজন রাজনৈতিক নেতা ছিলেন।
বৈঠকে বর্তমান স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম এবং পুলিশের মহাপরিদর্শক খোদা বখশ চৌধুরীর যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি বলে দাবি করেন মাহমুদুর রহমান।
কিন্তু কয়েকটি সূত্র জানিয়েছে, বৈঠকে বিয়ামের সাবেক মহাপরিচালক শহীদুল আলম, পানি সম্পদ মন্ত্রণালযের অতিরিক্ত সচিব বদরুল আলম তরফদার, যুগ্ম সচিব এম এ বারী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দপ্তরের এপিএস বর্তমান স্থানীয় সরকার উপসচিব আব্দুল মতিনসহ ১০/১২ জন বর্তমান আমলা এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে কোন রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, “এখানে কোন রাজনৈতিক আলোচনা হয়নি। একান্তই ব্যবসায়িক বিষয় নিয়ে পুরোনো সহকর্মী ও ঘনিষ্টজনদের নিয়ে বৈঠক করেছি। তাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।”
তিনি বলেন, “কিছুদিন আগে সরকারে থাকলেও এখন আবারো প্রাইভেট সেক্টরে ফিরে এসেছি। নতুন করে সিরামিকের ব্যবসা শুরু করতে যাচ্ছি। ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলতেই কয়েকজন বন্ধু ও ঘনিষ্ট ব্যক্তিদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।”
তবে বৈঠক শেষে আমন্ত্রিত ব্যক্তিরা কেউই সাংবাদিক বা টেলিভিশনের ক্যামেরার সামনে আসেননি। তারা কৌশলে, কেউ কেউ জ্যাকেট দিয়ে মুখ ঢেকে সাংবাদিকদের এড়িয়ে চলে যান।
উত্তরার এক নম্বর সেক্টরের সাত নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ির তিন তলায় সন্ধ্যা ৭টায় আর্টিসান সিরামিক অফিসে বৈঠক শুরু হয়ে চলে প্রায় দু’ঘণ্টা ধরে।
প্রথমে দরজা-জানালা খোলা রেখেই বৈঠক শুরু হয়। কিন্তু সাংবাদিকসহ স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি টের পেয়ে দরজা জানালা বন্ধ করে দেয়া হয়। বাইরে নিরাপত্তা রক্ষীরা ছিলেন বিশেষভাবে সতর্ক।
