২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির বিরুদ্ধে আইনজীবীদের মামলা দায়েরের দাবি

সিইসি বিচারপতি এম এ আজিজ ও স ম জাকারিয়ার বিরুদ্ধে ৬৫ কোটি টাকার দুর্নীতির মামলা দায়েরের দাবি জানানো হয়েছে বৃহস্পতিবার আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায়।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দেশে চলমান সংকট, রাষ্ট্রপতির ভূমিকা ও করণীয় সম্পর্কে সুপ্রিমকোর্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সভায় ড. কামাল হোসেন বলেন, “দেশে এখন চলছে অসাংবিধানিক শাসন। বিদায়ী সরকার পর্দার আড়ালে বসে দেশ চালাচ্ছে। উপদেষ্টাদের সঙ্গে না বসে রাষ্ট্রপতি সংবিধান লংঘন করেছেন।”

সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম, সহ সভাপতি আব্দুল মান্নান খান, সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক মাহবুব আলী ও ইনায়েতুর রহিম।

ড. কামাল বলেন, “যারা সংবিধানের একটা অক্ষর বোঝে না তারা আজ সংবিধান দেখায়। জোট সরকার পাঁচ বছর দেশ চালিয়েছে। কিন্তু বিদায়ের পরও দেশ চালানো হচ্ছে টুপি ওয়ালাদের দিয়ে ।”

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে আমি যখন বঙ্গভবনে গেলাম তখন রাষ্ট্রপতি বললেন বিচারপতি এম এ আজিজ পদত্যাগ করেছেন। কিন্তু তার তথ্য উপদেষ্টা সঙ্গে সঙ্গে বলে উঠলেন তিনি ছুটিতে গেছেন। রাষ্ট্রপতি বললেন, পদত্যাগ ও ছুটি একই। বিচারপতি আজিজ পদত্যাগ করে ছুটিতে গেছেন।”

ব্যারিস্টার রোকন আরো বলেন, “ক্লিনহার্ট অপারেশনের সময় বিচারপতি মাহফুজুর রহমানের বাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছিলো। অন্যদিকে জাকারিয়াকে ১৯৯৬ ও ২০০১ সালে অপসারণ করা হয়েছিলো। তারা নির্বাচন কমিশনে থাকতে পারবেন না। উপদেষ্টাদের সভায় ঠিক হবে কে কে নির্বাচন কমিশন সদস্য হবেন।”

পরে সভার সিদ্ধান্তে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখান করা হয়।