অবরোধে অচল সোনামসজিদ স্থলবন্দর
অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পণ্যের পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে এই বন্দর।
বন্দর সূত্র জানায়, গত দু’দিনে সোনামসজিদ স্থলবন্দরে তিন শতাধিক ট্রাক আটকা পড়েছে। আমদানি করা পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করলেও অবরোধের কারণে সেগুলো দেশের বিভিন্ন স্থানে যেতে পারছে না।
সোনা মসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রশিদ জানান, সোমবার ১৬৫টি ভারতীয় ট্রাক এবং মঙ্গলবার প্রায় সমপরিমাণ ট্রাক বন্দরে আটকা পড়েছে। এসব ট্রাকে পেঁয়াজ, ফলসহ পচনশীল পণ্য থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
সোমবার রাত ২টার দিকে ফল বোঝাই কয়েকটি ট্রাক বন্দর ছেড়ে এলে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুরে অবরোধকারীদের হামলার মুখে পড়ে। এ সময় দু’টি ট্রাকে ভাংচুর ও লুটপাট চালানো হয়। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন।
