২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবরোধ কর্মসূচীতে হামলা-পাল্টা হামলায় আহত ১০

অবরোধের দ্বিতীয় দিনে মঙ্গলবার বেলা পৌনে ২টায় নগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল পাহাড়তলীর অলংকার মোড়ে ১৪ দলের সঙ্গে ৪ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আহতদের মধ্যে মহানগর (দক্ষিণ) ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল আনোয়ারের অবস্থা আশংকাজনক। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষের পর উভয় পক্ষ এখন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে।

জানা যায়, অবরোধ কর্মসূচী চলাকালীন ১৪ দলের নেতাকর্মীদের বহনকারী একটি ট্রাক মিছিল অলংকার মোড় থেকে বন্দরের নিমতলা পয়েন্টে যাওয়ার সময় পিছন থেকে চার দলীয় জোটের কর্মীরা হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে উত্তেজিত ১৪ দলের কর্মীরা অলংকার মোড়ে স্থাপিত চার দলীয় জোটের মঞ্চ ভাংচুর করে এবং শিবির নেতা জাহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। উভয় পক্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও বিডিআর পরিস্থিতি সামাল দিতে উভয় দলের মাঝখানে অবস্থান নিয়েছে। ১৪ দলের নেতাকর্মীরা এ কে খান গেটে অবস্থান নিয়েছে। অন্যদিকে, চারদলীয় জোটের নেতাকর্মীরা ২০০ গজ দূরে অলংকার মোড়ের সাগরিকা রোডে অবস্থান করছে। অলংকার মোড় থেকে সাগরিকা রোডে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে উভয়পক্ষের আধা ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে এ ঘটনা ছাড়া সকাল থেকে নগরীর অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে নগরীর অন্যান্য স্থানের পরিস্থিতি ছিল স্বাভাবিক। আগের দিনের মতো যথারীতি নগরীতে যানবাহন চলেছে এবং স্কুল কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানও খোলা ছিল। ব্যাংকে কাজ হয়েছে প্রধান ফটক বন্ধ করে।

আর পূর্ববর্তী কর্মসূচী অনুযায়ী সকাল থেকে ১৪ দল এ কে খান গেট, বন্দর সংলগ্ন নিমতলা মোড়সহ চারটি পয়েন্টে সিইসি পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। অন্যদিকে চার দলীয় জোট নগরীর অপর গুরুত্বপূর্ণ পয়েন্ট অলংকার মোড়সহ তিনটি পয়েন্টে অবরোধের বিরোধিতা করে মিছিল ও সমাবেশ করে।