২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হবে: উপদেষ্টাদের আশাবাদ
নির্বাচন কমিশনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকটকে ‘জাতীয় সমস্যা’ আখ্যায়িত করে উপদেষ্টারা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।
তথ্য অধিদফতরে রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত উপদেষ্টারা এ আশা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহবুবুল আলম, সুলতানা কামাল ও আজিজুল হক।
এর আগে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টাদের পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনের আগে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। অপর সদস্যরা হলেন হাসান মশহুদ চৌধুরী এবং আজিজুল হক।
উপদেষ্টারা সংবাদ সম্মেলনে জানান, এই কমিটি পুলিশ প্রশাসনে রদবদলসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য দেশব্যাপী পুলিশের মাধ্যমে অভিযান চালানো হবে। তবে প্রয়োজনে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহযোগিতাও নেওয়া হতে পারে।
বিভিন্ন প্রশ্নের উত্তরে উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, “বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান করা সাংবিধানিকভাবেই জটিল ছিল। তবে সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনার পর তা অনেকটাই কেটে গেছে। আশা করছি, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে একটা ফল পাবো। যা সবার জন্যই মঙ্গলকর হবে।”
মাহবুবুল আলম আরও বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য কে দায়ী, কেন দায়ী আমরা তা বলবো না। সবাই এর সমাধানের আশা করছে, আমরাও করছি। তবে একদিনে তো কোনো ফল হয় না। আর একজনের ওপরও নির্ভর করে না।”
মাহবুবুল আলম বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকারের পরিবেশ সুন্দর ছিল, কোনো রাজনৈতিক সমস্যা ছিল না। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, তাদের এতদিনের খাটুনি এখন একটা ফল পেতে যাচ্ছে। সবার সহযোগিতা থাকলে সমাধান বের করা কঠিন কিছু নয়।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা এ প্রশ্নের উত্তরে সুলতানা কামাল বলেন, এ বিষয়ে এখনই উত্তর দেওয়ার সময় হয়নি।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সোমবার সকালে তিন উপদেষ্টার সাক্ষাতে কি আলোচনা হয়েছে জিজ্ঞাসা করা হলে উপদেষ্টারা বলেন, “কি আলোচনা হয়েছে তা বলতে চাই না।” সিইসির বিকল্প ভাবছেন কিনা প্রশ্নের উত্তরে তারা বলেন, “বিকল্পের কথা আমরা বলছি না। এমন পথ ধরে আমরা চলছি যা সবার কাছেই গ্রহণযোগ্য হবে।” সিইসিকে ছুটি দেওয়া হবে নাকি তিনি পদত্যাগ করবেন-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টারা বলেন, “এ নিয়ে আমরা এখনই কোনো কথা বলতে চাই না। কারণ পরে সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব না হলে পরিস্থিতি ভিন্নদিকে মোড় নিতে পারে।”
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ জানাবেন কিনা প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, সমস্যার সমাধান হয়ে গেলে তারা হয়তো নিজেরাই কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।
প্রসঙ্গত, সোমবার সকালে তিন উপদেষ্টার একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাত করেন।
