২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনের দক্ষিণ ফটকে বোমা বিস্ফোরিত

বঙ্গভবনের দক্ষিণ ফটকে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। বঙ্গভবনের উত্তর ফটক দিয়ে একই সময়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে বেরিয়ে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বঙ্গভবনের উত্তর গেটে দায়িত্বপালনরত আমাদের সিনিয়র রিপোর্টার আবু সুফিয়ান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা শক্তিশালী এ বোমাটি ফাটিয়ে পালিয়ে যায়। আবু সুফিয়ান নিজেও বিস্ফোরণস্থলে একটি আড়াই হাত ব্যাসের একটি দাগ দেখেছেন।

দক্ষিণ গেটে দায়িত্বরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং নিরাপত্তা প্রহরীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, উত্তর গেট দিয়ে রাষ্ট্রপতির গমনের সময় তারা দক্ষিণ গেটের নিরাপত্তা নিশ্চিত করার সময়ই এ বোমাটি বিস্ফোরিত হয়েছে।

দক্ষিণ ফটকে দায়িত্বরত নামপ্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা সদস্য জানান, সন্ত্রাসীরা যদি গেটের ভেতরে বোমা ছুড়ে দিতো তাহলে অনেকেই আহত হতো। কারণ সেসময় গেটের সামনে অনেকেই দায়িত্বরত ছিল।

“সন্ত্রাসীরা পলিথিনের প্যাকেটে মোড়ানো ওই বোমা নিক্ষেপ করে,” দক্ষিণ গেটে দায়িত্বরত র‌্যাব গোয়েন্দা উইং এর আরেক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।