পটুয়াখালীর সঙ্গে ৩৫টি রুটে বাস চলাচল বন্ধ
১৪ দলের দ্বিতীয় দফা লাগাতার অবরোধের প্রথমদিনে সোমবার জেলার সঙ্গে ৩৫টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
এসময় দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। ১৪ দলের নেতাকর্মীরা সকাল থেকে হেতালিয়া বাধঘাট, চৌমাথা, পটুয়াখালী ব্রীজ ও লেবুখালীতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। যুবলীগের বিক্ষুব্ধ কর্মীরা কুয়াকাটা সড়কে দুটি টেম্পো ভাংচুর করে এবং প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের কুশপুত্তলিকা দাহ করে। বেলা ১১টায় যুবলীগ সভাপতি আহসান হাবীব খানের নেতৃত্বে যুবলীগের একটি মিছিল অবরোধের পক্ষে শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে। অপরদিকে জেলা ছাত্রদল সাড়ে ১১টার অবরোধের বিপক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে।
