২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে রাজপথে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য

১৪ দলের অবরোধ কর্মসূচি সামাল দিতে ঢাকায় কড়া অবস্থানে তত্ত্বাবধায়ক প্রশাসন। রাজধানীর বাইরের জেলা থেকে এ জন্য নিয়ে আসা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত হাজার সদস্যকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

“বিশৃঙ্খলা সৃষ্টির” চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) অবরোধ মোকাবেলায় রাজধানীতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। রাজধানীতে লগি, বৈঠা, বিস্ফোরকসহ অন্য যে কোনো অস্ত্র নিয়ে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে তারা।

পুলিশ সূত্র জানায়, ঢাকায় ৪০ হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবরোধের সময় দায়িত্ব পালন করবে। যার মধ্যে রয়েছে এক হাজার বিডিআর এবং র‌্যাব সদস্য। নিরাপত্তা জোরদার করতে ঢাকার বাইরের জেলাগুলো থেকে আনা হয়েছে সাত হাজার বাড়তি পুলিশ সদস্য।

বিএনপি-জামায়াত জোট ১৪ দলকে মোকাবেলায় মাঠে থাকার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

পুলিশের ঘনিষ্ট কয়েকটি সূত্র জানায়, অবরোধ ঠেকাতে পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনাররা ইতিমধ্যে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। তাদেরকে এ ব্যাপারে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশের এআইজি এবং পুলিশ সদর দফতরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত মতিউর রহমান জানান, অবরোধের সময় বিভিন্ন জায়গায় বিডিআর ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হবে। তাদেরকে সহযোগিতার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক পুলিশ সদস্যকে ইতিমধ্যে ঢাকায় আনা হয়েছে।

এআইজি আরও বলেন, রাজধানীর সবগুলো প্রবেশপথ এবং অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে বিশেষ কোনো অভিযান চালানো হবে কি না সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ সদর দফতর জানায়, গত ২৪ ঘন্টায় সারা দেশে পুলিশ দুই হাজার লোককে গ্রেফতার করেছে।

ডিএমপি ঘোষিত রাজনৈতিক কর্মসূচি পালনের নির্ধারিত স্থান:

বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কোয়ার এবং এর পার্শ্ববর্তী এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কর্মসূচির জন্য নির্ধারিত।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, নয়া পল্টন এবং এর পার্শ্ববর্তী এলাকা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের জন্য নির্ধারিত থাকবে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবিএম বজলুর রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ করে দেওয়ার জন্যই তারা রাজনৈতিক দলগুলোর জন্য কর্মসূচি পালনের স্থান আলাদা করে দিয়েছেন।