কেবল রাষ্ট্রপতিই সমাধান দিতে পারেন: আকবর
তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা আকবর আলী খান অচিরেই বিরাজমান রাজনৈতিক সংকট নিরসন না হওয়ার আশংকা ব্যক্ত করে বলেছেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠণ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অপসারন করা সম্ভব নয়।
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিরসন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে চার উপদেষ্টার সংলাপের ফলাফল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রোববার তিনি একথা বলেন।
তিনি বলেন, সিইসি নিজেই পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নিতে হবে। কারণ সংবিধান অনুযায়ী ওই ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতিরই রয়েছে। তবে কাউন্সিল গঠনের মাধ্যমে ৪০ বা ৪৫ দিনের মধ্যে সমস্যার সমাধান সম্ভব নয়।
সংকট সমাধানের ব্যাপারে উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের দিকে তাকিয়ে রয়েছেন বলে উল্লেখ করে উপদেষ্টা আকবর আলী খান বলেন, “রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে প্রধান তিনটি সমস্যা চিহ্নিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে প্রথমটিই হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার। অন্য দুটি হচ্ছে-নির্বাচনী আইন ও প্রশাসনিক সংস্কার। সমস্যাগুলো রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।”
তিনি বলেন, “প্রথম সমস্যাটি সমাধানের ক্ষমতা রয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতির। তিনি ‘মিথ্যা কথা বলার কারণে’ সিইসিকে অভিশংসনের মুখোমুখি করতে পারেন। এক্ষেত্রে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে একটি তদন্তের ব্যবস্থা করতে হবে। তদন্তের পর পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এতে দীর্ঘ দিন লেগে যেতে পারে।”
তত্ত্বাবধায়ক সরকারের সংকট নিরসনের উদ্যোগ ব্যর্থ হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশার কথা শোনাতে পারলে আমারও ভালো লাগতো। তবে সংলাপের ফল একেবারেই শুন্য নয়। সংলাপের মাধ্যমে দলগুলোর চাওয়ার বিষয়টি জানা গেছে। এ বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। এটিও একটি সাফল্য।”
সংকট নিরসনে ব্যর্থ হলে একটি বিতর্কিত নির্বাচনের দায় এড়াতে উপদেষ্টারা কোন পদক্ষেপ নেবেন কিনা, এ ধরণের একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে এখনো কিছু ভাবিনি, তবে শেষ সময় পর্যন্ত এ ব্যাপারে কাজ করে যেতে চাই। পরিস্থিতি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আজ যে সমস্যা সমাধান করা যায়, তা সাতদিন পর সমাধান করা সম্ভব নাও হতে পারে। এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।”
পদত্যাগ করবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, “আমি রাজনীতি করি না, তাই এই চাকরির প্রতি কোন মোহ আমার নেই। আমি রাষ্ট্রীয় গাড়ি ও নিরাপত্তা ছাড়া আর কিছুই নেই না। এগুলোর প্রতি আমার কোন লোভও নেই।”
উপদেষ্টা আকবর বলেন, “সংকট নিরসনে ব্যর্থ হলে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে। এজন্য এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে।”
