সিইসির পদত্যাগসহ আট দফা দাবিতে প্রজাতন্ত্র পরিষদের মানববন্ধন
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্ভুল ভোটার তালিকা তৈরি ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করাসহ আট দফা দাবিতে প্রজাতন্ত্র পরিষদ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এতে গত সরকারের আমলে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত, পদোন্নতি ও পদায়ণবঞ্চিত পাঁচ শতাধিক সরকারি কর্মকর্তা ও কর্মচারি যোগ দেন। মানববন্ধন কর্মসূচি পালন করা হয় প্রায় এক ঘন্টা ধরে।
এতে নেতৃত্ব দেন পরিষদের সভাপতি সাবেক মহাহিসাবরক্ষক ও সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক সাবেক সচিব আব্দুল হাই, সহ-সভাপতি সাবেক সচিব সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, সাবেক যুগ্ম সচিব মাকসুদুল হক ও আব্দুল মালেক।
পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে-চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পুনর্বহাল ও পদোন্নতি, প্রজাতন্ত্রের দলীয় অনুগত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিরপেক্ষ কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন কমিশনে নিযুক্ত ৩০০ দলীয় কর্মকর্তা প্রত্যাহার এবং বেতার ও টিভিকে দলীয় প্রভাবমুক্ত করা।
