নির্বাচন কমিশন জনগণের আস্থা হারিয়েছে: বিউটেনিস
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পেট্রিসিয়া বিউটেনিস বলেছেন, অনেক দিন আগেই নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষের আস্থা হারিয়েছে। রাজনৈতিক সঙ্কটের ব্যাপারে একটা সমাধানে পৌঁছার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি নমনীয় হওয়ারও আহ্বান জানান তিনি।
বিউটেনিস রোববার উপদেষ্টা লে. জে (অব.) হাসান মশহুদ চৌধুরীর সাথে তার বিদ্যুৎ মন্ত্রণালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন দীর্ঘদিন আগেই বাংলাদেশের জনগণের আস্থা হারিয়েছে।”
কীভাবে সংস্কার করা যেতে পারে সে ব্যাপারে সরাসরি কোনও মতামত না দিলেও বিউটেনিস বলেন, “আমি মনে করি, নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব উপদেষ্টারা এগিয়ে রেখেছেন এবং জনগণের উচিত ওই প্রস্তাবগুলোকে অত্যন্ত সংহতভাবে দেখা।”
নতুন দু’জন নির্বাচন কমিশনার নিয়োগে প্রধান উপদেষ্টার প্রস্তাবের ব্যাপারে বিউটেনিসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব ব্যাপারে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ এবং রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সমাধান হওয়া উচিত বলে জানান।
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ নমনীয় মনোভাব দেখাতে হবে। তাদের আপোস করতে হবে। কিন্তু আমরা তেমন সহনশীলতা দেখতে পাচ্ছি না।”
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে তার দেশের হতাশার কথা ব্যক্ত করেন এবং সংলাপের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধানে বিএনপি ও আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সঙ্কট সমাধানের শেষ সুযোগ হারাতে যাচ্ছি। আমি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে বিএনপি, আওয়ামী লীগ, চার দল এবং ১৪ দলকে অনুরোধ জানিয়েছি।”
বিউটেনিস উপদেষ্টাদের প্রশংসা করে বলেন, তারা সবাই যোগ্য এবং দেশপ্রেমিক। তিনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতিকে উৎসাহিত করেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি রাজপথের সহিংস রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সহিংসতার বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, জনগণ শান্তি চায় এবং তারা ভোটের ব্যাপারে খুব উৎসাহী। রাজনীতিবিদরা জনগণের কথা শুনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
