চট্টগ্রামে হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন
চাঞ্চল্যকর আব্দুস সোবাহান হত্যা মামলার রায়ে আদালত ১২ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
এদের মধ্যে বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ( এনডিপি) ক্যাডার আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুব ও তার প্রধান সহযোগী ইলিয়াস আটক আছে। বাকী ১০ জনই পলাতক।
এরা হলেন মো. এরশাদ, শহীদুল ইসলাম খোকন, মো. ইব্রাহিম, দিদারুল ইসলাম, বখতিয়ার কাঞ্চন, শামসুল আলম, রশীদ আহমেদ, মো. বিন কাশেম ও নজরুল ইসলাম।
চট্টগ্রাম জেলা দায়রা জজ এ এন এম বশীরউল্লাহ মামলাটি পরিচালনা করেন।
অভিযুক্ত বাকী ৯ জন আসামীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার রায়ে তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এদের মধ্যে মনিরুল ইসলাম বাবুল ও ফরিদ আহমেদ বর্তমানে মৃত।
আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুব ও তার সহযোগীরা ১৯৯১ সালের ৩০ অক্টোবর রাঙ্গুনিয়ার নিশ্চিন্তপুর গ্রাম থেকে আব্দুস সোবাহানকে অপহরণ করে। এর ১১ দিন পর রাঙ্গুনিয়ার কালিপুর গ্রামের এক মাঠ থেকে এলাকাবাসী তার হাত-পা বাধা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এর পাঁচ মাস আগে আব্দুস সোবাহানের দুই ছেলে কবীর ও ছবিরকে বেদম মারধর করে আইয়ুব তাদের দুই চোখ উপড়ে ফেলে। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা করার জের ধরেই এ অপহরণ ও হত্যার ঘটনা ঘটে। ২০০৩ সালের ১০ ডিসেম্বর মামলাটির চার্জ গঠন করা হয়।
১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করা হয়।
