সিইসির পদত্যাগের ব্যাপারে আন্তর্জাতিক চাপ বাড়ছেই
নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) পর ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা নির্বাচন কমিশনের কার্যক্রমের নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকার বিদেশি মিশনগুলোও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে তারা সামরিক শাসনেরও বিরোধীতা করেছে।
মার্কিন দূতাবাসের একজন মুখপাত্রের কাছে এ ব্যাপারে জানতে চাইতে তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের সাম্প্রতিক বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করে বলেন, তিনিও নির্বাচন কমিশনের ভূমিকার ওপর জোর দিয়েছেন।
বাউচার সামরিক শাসনের বিরোধী মতামত দিয়েছেন বলেও ওই মুখপাত্র জানান। মার্কিন দূতাবাসের মুখপাত্র বাউচারের উদ্ধৃতি টেনে বলেন, “আমি আশা করি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন কমিশন এমন ভূমিকা নেবে যাতে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারে।”
ঢাকার ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ব্রিজেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাথে আলাপকালে তাকে নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি।
তবে তিনি বলেন, “একজন ব্যক্তি একমাত্র বিষয় নয়...আরও অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে কাজ করা দরকার।”
ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান এনডিআই গত সেপ্টেম্বরে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে এসেছিল। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সক্ষমতা নিয়ে তখন তারা প্রশ্ন তুলে।
এনডিআই প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ওপর বিশেষভাবে আলোকপাত করে এবং তারা এ ব্যাপারে বেশকিছু সুপারিশ রাখে। তারা তখন অদক্ষতা এবং পক্ষপাতের বিষয়টিকে গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করে এসব সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এনডিআই জানায়, “প্রধান নির্বাচন কমিশনার যদি শক্তিশালী, সংশোধনমূলক ও দ্রুত ব্যবস্থা না নেন তাহলে তার পদত্যাগের পক্ষের মতই শক্তিশালী হবে।”
প্রধান নির্বাচন কমিশনারের অদক্ষতা কাটিয়ে উঠার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং সঠিক ভোটার তালিকা প্রণয়ণের ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার জন্য এনডিআই প্রস্তাব রেখেছিল।
ভোটার তালিকার বিষয়ে এনডিআই প্রতিনিধিরা “গভীর উদ্বেগ” প্রকাশ করে বলেছিলেন, নতুন ভোটার তালিকায় ৯ কোটি ৩০ লাখ ভোটারের নাম রয়েছে। ২০০১ সালের ভোটার তালিকার সাথে এ তালিকার “বিশাল অসামঞ্জস্য” রয়েছে। এনডিআই প্রতিনিধি দলের প্রধান মার্কিন সিনেটর টম ড্যাশেল বলেছিলেন, “দেশের দুই-তৃতীয়াংশ লোক ভোটার তালিকাভুক্ত হওয়ার তা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।”
প্রায় একই ধরনের প্রতিক্রিয়া এসেছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাছ থেকেও। স্ট্র্যাসবুর্গে অনুষ্ঠিত ১৬ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পরিস্থিতির ওপর আলোকপাত করে একটি প্রস্তাব পাশ হয়। ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রস্তাবে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিশেষজ্ঞদের নিয়ে ভোটার তালিকার গুণগতত মান উন্নয়ন এবং ভোটার তালিকা নির্ভুল করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
অবশ্য সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবনা মানতেই হবে এমন কোনো কথা নেই। এমনকি ইইউ সদস্য দেশগুলোরও এ প্রস্তাবনা মানার কোনো বাধ্যবাধকতা নেই।
