সাত ডিআইজি ও ৪২ এসপি রদবদল
রোববার একযোগে পুলিশের সাত ডিআইজি ও ৪২ জন পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি এপিবিএন-এর কমান্ড্যান্ট হিসেবে বদলির আদেশাধীন ঢাকা মহানগর পুলিশের বিতর্কিত উপ কমিশনার (ডিসি) কোহিনুর মিয়াকে পুলিশ সদর দপ্তরে ওএসডি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার এসব বদলির আদেশ জারি করা হয়।
প্রশাসনিক সংস্কার বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকে প্রশাসনের সর্বস্তরে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নেয়ার তিনদিন পর এ বদলির আদেশ জারি করা হলো।
তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দফায় একযোগে ৩৩ জন পুলিশ সুপারকে বিভিন্ন স্থানে বদলি করে। কিন্তু আদেশটি কার্যকর হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থগিত করা হয়।
এদিকে প্রথম দফায় বদলীর আদেশ স্থগিত থাকা অবস্থায় ডিসি কোহিনুরের নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বিক্ষোভ মিছিলে পুলিশ গাড়ী চাপা দিলে ওজিউল্লাহ নামে এক আওয়ামী লীগ কর্মী ঘটনাস্থলেই নিহত হন। এরপরই তাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়।
কিন্তু রাঙ্গামাটিতে এ নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাকে ওএসডি করতে বাধ্য হলেন।
শিগগিরই দেশের বিভিন্ন থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) বদলি করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
