বৃহত্তর মোর্চার পথে আওয়ামী লীগ
সিইসিসহ অন্য কমিশনারদের অপসারণ ও প্রশাসনকে নির্দলীয় করা না হলে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোটের বাইরে সব রাজনৈতিক দলকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক মোর্চা গড়ে তোলার উদ্যোগ নিচেছ আওয়ামী লীগ। জানাচ্ছেন সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব।
সিইসিসহ অন্য কমিশনারদের অপসারণ ও প্রশাসনকে নির্দলীয় করা না হলে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোটের বাইরে সব রাজনৈতিক দলকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক মোর্চা গড়ে তোলার উদ্যোগ নিচেছ আওয়ামী লীগ।
ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ..বিষয়টি নিশ্চিত করেছে ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল বলেছেন, আমরা নির্বাচনের পক্ষে। অন্য যারা নির্বাচনের পক্ষে তাদের সঙ্গেই আলোচনা চালিয়ে যাবো। তিনি জানান, শনিবার থেকেই সমমনা দলগুলো সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে ।
আওয়ামী লীগের অপর একটি সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে অর্থাৎ তড়িঘড়ি করে বৃহত্তর মোর্চা গঠনের ঘোষণা নাও আসতে পারে। কারণ, চার দলীয় জোটের বাইরে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়েই মোর্চা গড়তে চায় আওয়ামী লীগ। এক্ষেত্রে এলডিপি, যুক্তফ্রন্ট , জাতীয় পার্টি (মঞ্জু) ছাড়াও হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেও এই মোর্চার শরিক করতে আগ্রহী আওয়ামী লীগ। সবগুলো রাজনৈতিক দলক একই প্লাটফর্মে আনতে হলে সময় নিয়ে আলোচনা করা প্রয়োজন রয়েছে। সূত্রটি আরো নিশ্চিত করেছে যে, আগামীতে কোনো মোর্চা গড়ে উঠলে তা হবে দাবি আদায়ের মোর্চা । তা কখনোই নির্বাচনী মোর্চা হবে না ।
অন্যদিকে, আবদুল জলিলের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ১৪ দলের নীতিনির্ধারকদের অন্যতম ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বিডি নিউজকে বলেন, বৃহত্তর মোর্চা গঠনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে সাম্প্রতিক সময়ে দাবি বাস্তবায়নের লক্ষে ৪ দলীয় জোটের বাইরে যে রাজনৈতিক দলগুলো চার উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে তাদের সঙ্গে শনিবারই ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল আলোচনা শুরু করবেন বলে রাশেদ খান মেনন জানান।
