প্রশসন ও পুলিশে শিগগির আরও রদবদল: ধীরাজ
তত্ত্বাবধায়ক সরকারেরর উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছেন, অতিসত্ত্বর জেলা প্রশাসক, থানা নির্বাহী অফিসার এবং পুলিশ বাহিনীতে আরও রদবদল করা হবে।
তিনি বলেন, টেকনিক্যাল সেক্টর ছাড়াও অন্য যেসব খাতে চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে সেগুলোও শিগগিরই বাতিল করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে শুক্রবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
বৈঠকে অপর উপদেষ্টা সুফিয়া রহমানও উপস্থিত ছিলেন।
সুফিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা।
দুই উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে দেড় ঘন্টারও বেশি বৈঠক করেন।
ধীরাজ বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অনেক রদবদল হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও রদবদল হবে। বিশেষ করে পুলিশ প্রশাসনে শিগগিরই রদবদলের সম্ভাবনা রয়েছে।
ধীরাজ মৎস্য ও পশুসম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।
