খাদ্য চাহিদা মেটাতে জৈব প্রযুক্তি ব্যবহার করুন: ফজলুল হক
পরিবেশ উপদেষ্টা বিচারপতি মো. ফজলুল হক ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষিক্ষেত্রে আধুনিক ও জৈব প্রযুক্তির যথাযথ প্রয়োগ করতে বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার তিনি ঢাকায় এলজিইডি মিলনায়তনে পরিবেশ অধিদফতরের উদ্যোগে বাংলাদেশের জাতীয় জীব নিরাপত্তা ফ্রেমওয়ার্ক প্রণয়নের লক্ষ্যে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। দিনব্যাপী এই কর্মশালায় ২৫০ জন বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিচারপতি ফজলুল হক বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার বর্ধিত খাদ্য চাহিদা মেটাতে জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। অপরিকল্পিত নগরায়ন, বসতভিটা তৈরি, শিল্পায়ন, মরুময়তাসহ বিভিন্ন কারণে আবাদী জমি ক্রমশ হ্রাস পাচ্ছে। এ অবস্থায় বর্ধিত খাদ্য চাহিদা মেটাতে অল্প জমিতে বেশি উৎপাদন নিশ্চিত করার বিকল্প নেই। তিনি রোগবালই ও কীট পতঙ্গ প্রতিরোধক, পুষ্টি সমৃদ্ধ উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে কর্মশালায় আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আইনুন নিশাত, প্রধান বন সংরক্ষক মো. ওসমান গণি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. এম নূরুল আমিন এবং জাতীয় জীব নিরাপত্তা প্রকল্পের প্রকল্প পরিচালক সোলায়মান হায়দার বক্তৃতা করেন।
