রাষ্ট্রপতির সঙ্গে তফসিল নিয়ে আলোচনা করেছেন সিইসি
তিন নির্বাচন কমিশনার ও সচিবকে নিয়ে বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেড় ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।
আলোচনার পর বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সিইসি বলেছেন, “নির্বাচনের প্রস্তুতি ও তফসিল নিয়ে আলোচনা করেছি”। নির্বাচন কমিশন পুনর্গঠন বা তার পদত্যাগ নিয়ে কোনো কথা হয়েছে কি-না এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, “নাথিং এলস” (আর কিছু নয়)।
তিন নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, বিচারপতি মাহফুজুর রহমান, মাহমুদ হাসান মনসুর এবং সচিব আবদুর রশীদ সরকারকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা সাত মিনিটে এম এ আজিজ বঙ্গভবনে যান।
নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুকে কেন্দ্র করে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের বঙ্গভবনে যাওয়ার কারণে জল্পনা কল্পনার সৃষ্টি হয়।
