সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভ, গালাগাল
পদোন্নতি ও পদায়ণবঞ্চিত কর্মকর্তারা তাদের তিন দফা দাবিতে বৃহস্পতিবার সচিবালয়ে সংস্থাপন সচিবের কার্যালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা পদায়ণ ও পদোন্নতির সিদ্ধান্ত নিতে দেরি করায় সংস্থাপন সচিবকে গালাগাল করেন এবং তার কক্ষে বসে পড়েন।
এ সময় সচিবের নিরাপত্তা ও সচিবালয়ের শৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হলে বিক্ষোভকারীরা বেরিয়ে যান।
ঘটনার পর সচিবালয় ও সংস্থাপন সচিবের কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সচিবের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও সচিবালয়ের ভেতরে সাদা পোষাকে গোয়েন্দা টহল জোরদার করা হয়েছে।
বিক্ষোভের মুখে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী কর্মকর্তাদের বলেন, আগামী রোববার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই পদোন্নতি বঞ্চিতদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনিক উপদেষ্টা কমিটির কাছে পাঠানো হবে। উপদেষ্টা কমিটি থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য এ তালিকা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে পদায়ণ ও পদোন্নতি বঞ্চিত প্রায় ৬০ থেকে ৭০ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃহস্পতিবার সকাল থেকেই সংস্থাপন মন্ত্রণালয়ের সামনে জমায়েত হতে থাকেন। সকাল ১১টার দিকে তারা তাদের দাবির বিষয়ে আলোচনা করতে সংস্থাপন সচিবের কক্ষে প্রবেশ করেন।
এ সময় সংস্থাপন সচিব সন্তোষজনক জবাব দিতে না পারায় তারা সেখানে বসে পড়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে সংস্থাপন সচিবকে গালাগাল করতে থাকেন। এ সময় সংস্থাপন সচিব কোন জবাব না দিয়ে দাঁড়িয়ে থাকেন বলে জানা গেছে।
পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব শফিক আলম মেহেদী ও হাসানুর রহমান সাংবাদিকদের জানান, তারা সচিবের সঙ্গে দেখা করে তাদের তিন দফা দাবির কথা জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে-পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, ওএসডি কর্মকর্তাদের উপযুক্ত স্থানে পদায়ণ এবং বিগত দিনে সুবিধাভোগী কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে প্রত্যাহার।
তারা জানান, বিগত জোট সরকারের সময় প্রায় এক হাজার কর্মকর্তাকে পদোন্নতি ও পদায়ণ থেকে বঞ্চিত করা হয়। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত: তাদের পদোন্নতি দেয়া হয়নি। প্রশাসন এখনো হাওয়া ভবনের নির্দেশে চলছে। তাই তাদের পদোন্নতির বিষয়টি এখনো বিবেচনায় আসেনি।
তারা জানান, এখন পর্যন্ত যেসব বদলী ও চুক্তি বাতিল হয়েছে, তা আগামী নির্বাচনকে আরো কলংকিত করবে। কারণ এসব রদবদল নির্বাচনের ওপর তেমন কোন প্রভাব ফেলবে না, বরং নির্বাচন সংশ্লিষ্ট পদগুলোতে এখনো আদৌ বদলী করা হয়নি। ফলে প্রশাসনে এখনো জোট সরকারের পক্ষের লোকজনই বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করে যাচ্ছেন।
