গাজীপুরে এলডিপির সভায় বিএনপির হামলা, আহত ৩
শহরের উনিশে চত্বর মুক্তমঞ্চে বুধবার বিকেলে বিএনপি-কর্মীরা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভায় হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে সঙ্গীত শিল্পী রুবিনা আক্তার (৩২), কর্মী মোর্শেদা (২৮) ও আল আমিন ওরফে মুন্না (২৮) আহত হন।
এ অবস্থায় বিএনপি কর্মীদের বাধার মুখে এলডিপি নেতৃবৃন্দ সভা না করেই ঢাকায় ফিরে যান। এলডিপির কেন্দ্রীয় নেতা ডা. নাজিমউদ্দিন আহম্মদ বলেন, “বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানের ভগ্নিপতি বাবুল চৌধুরীর নেতৃত্বে ওই হামলা হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫ টায় এলডিপি নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে পথসভা ও গণসঙ্গীত শেষ করে শিল্পীদের নিয়ে মুক্ত মঞ্চে আসেন। এ সময় বিএনপি ক্যাডাররা লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চ ভাংচুর করে মাইক নিয়ে যায় এবং চেয়ার ভাংচুর করে।
কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন বলেন, শহরের মুক্ত মঞ্চ ছাড়াও রাজবাড়ি মাঠ ও পূবাইলে তাদের পথসভা হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির বাধার কারণে নেতৃবৃন্দ সভা না করেই ফিরে যেতে বাধ্য হন।
ঘটনার সত্যতা স্বীকার করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।”
হামলার প্রতিবাদে এলডিপি রাতে টঙ্গী বাজার এলাকায় প্রতিবাদ সভা করেছে। এতে বক্তব্য রাখেন ডা. নাজিমউদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
