রোববার পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার ধানমন্ডি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অবরোধ প্রত্যাহারের এই ঘোষণা দেন।
১৪ দলের আহবানে নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে গত ১২ নভেম্বর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের এ অবরোধ শুরু হয়।
হাসিনা বলেন, “আগামী রোববারের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে সোমবার থেকে আবারো অবরোধ কার্যকর হবে।”
তিনি বলেন, “আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। তাদের সদিচ্ছা ও আন্তরিকতার প্রতি আস্থা রেখে এবং যে জনগণের জন্য আমরা রাজনীতি করি তাদের অসুবিধার কথা বিবেচনা করে চলমান অবরোধ স্থগিত ঘোষণা করছি।”
তিনি আরো বলেন, “একমাত্র জামাত ও খন্ডিত বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল একমত পোষণ করেছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিকে ১৪ দল গত সোমবারের হত্যাকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী শোক র্যালী ও কালোবাজ ধারণ করবে। ১৭ নভেম্বর শুক্রবার শহীদ ওয়াজিউল্লাহর স্মরণে ঢাকা তেজগাঁওয়ে নাবিস্কোর সামনে শোক সমাবেশ এবং বাদ জুম্মা সারাদেশে মসজিদে দোয়া মাহফিল, মন্দির-গীর্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার এবং ১৮ নভেম্বর ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যারা আমাদের উদারতাকে দুর্বলতা মনে করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আরেকটি নেতা-কর্মীকে হত্যা করা হলে, নির্যাতন করা হলে পরিণাম ভালো হবে না।”
তিনি বলেন, “আমরা ধৈর্য ধারণ করছি। সর্বোচ্চ সংযমের পরিচয় দিচ্ছি। কারণ আমরা কোন প্রকার সংঘাত চাই না। শান্তি চাই। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ অবরোধ পালন করে আমরা তা প্রমাণ করেছি।”
হাসিনা বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার কর্মকান্ড, আচার-আচরণ জাতি পর্যবেক্ষণ করবে, তাকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। কিন্তু গত ১৫ দিনের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে, দলীয় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং অদৃশ্য সুতার টানে পুতুল নাচের রাজা হয়েছেন। হাওয়া থেকে পাওয়া নির্দেশে তিনি চলছেন।”
রাষ্ট্রপতি নিজে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না উল্লেখ করে হাসিনা বলেন, “তাহলে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অক্ষম, নাকি ইচছাকৃতভাবে কালক্ষেপণ করছেন?”
স্বরাষ্ট্র সচিবের বদলির সিদ্ধান্ত বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, “আমার জিজ্ঞাসা, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কেন মধ্যরাতে বাতিল করা হলো? কার নির্দেশে উপদেষ্টার সিদ্ধান্ত কার্যকর হলো না ?”
গত ২৬ অক্টোবর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলের ২৪ জন নেতাকর্মী হত্যা করা হয়েছে এবং দলীয় কর্মীদের ওপর বিভিন্ন নির্যাতন ও সিলেটে প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিএনপির ক্যাডারদের মোটর সাইকেলের মিছিলের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমার জিজ্ঞাসা এটাই কি রাষ্ট্রপতির নিরপেক্ষভাবে সরকার পরিচালনা করার নমুনা? তিনি কি এখনও ৫ বছরের হত্যা নির্যাতন ও সন্ত্রাসের ধারা বজায় রাখতে চান? তার কাজ কি একটি বিশেষ দলের চক্রান্ত বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া?”
প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগের আহবান জানিয়ে হাসিনা বলেন, জামাত ও বিএনপির একাংশ ছাড়া দেশের রাজনৈতিক দল, শ্রেনী-পেশার মানুষের দাবী উপেক্ষা করে সিইসি কার স্বার্থে গোয়াতুমি করছেন। শুধুমাত্র বিএনপি-জামাতের ক্ষমতা দখলের খায়েশ পূরণের জন্য তিনি কেন গণ দুশমনে পরিণত হচ্ছেন?
১ কোটি ৪০ লাখ ভুয়া ভোট বাতিলের দাবি করে তিনি বলেন, ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োজিত তিনশ নির্বাচন কর্মকর্তাকে প্রত্যাহার করাসহ নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
