২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে অবিলম্বে অপসারণ করা হোক: যুক্তফ্রন্টের দাবি

অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের অপসারণে দাবি জানিয়েছে যুক্তফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সিইসিকে যেকোনোভাবে সরানোর ব্যবস্থা নিতে বলেছেন ফ্রন্টের নেতারা।

বৈঠকে পর আসম আবদুর রব সাংবাদিকদের জানান, আজ গোটা জাতি চায় সিইসি অবিলম্বে সরে যান। তিনি যদি না সরেন তবে তাঁকে সরানোর ব্যবস্থা নিতে হবে। এই ব্যক্তির অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবরুদ্ধ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে তাকে সরে যেতে হবেই।

একইসঙ্গে আবদুর রব উপদেষ্টা পরিষদের বাইরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানোর জন্য স্বরাষ্ট্র সচিবের অপসারণও চেয়েছেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী সিইসির অপসারণ চেয়ে বলেন, “আমরা সিইসির বাসভবন ঘেরাও কর্মসূচি দেব। তাঁকে আর অফিসে যেতে দেব না।”

আবদুর রবের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলে কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট ফজলুর রহমান, নাসরীন সিদ্দিকী, জাসদের অধ্যাপক মোহাম্মদ শফিক, আবদুল মালেক রতন, লেবার পার্টির সেকান্দর আলী মনি ও ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্ম-এর বাতেন চৌধুরী, আবদুল মতিন হীরু প্রমুখ অংশ নেন।

উপদেষ্টাদের মধ্যে ড. আকবর আলী খান, এস এম শফি সামী, মাহবুবুল আলম ও ইয়াসমীন মুর্শেদ ছিলেন।