৯০ দিনের মধ্যেই নির্বাচনের আয়োজন করবো: উপদেষ্টা আকবর
তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান মঙ্গলবার বলেছেন, “আগামী ৯০ দিনের মধ্যেই আমরা আমাদের দায়িত্ব সম্পন্ন ও নির্বাচন আয়োজন করবো।”
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার রাতে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকের পর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের পক্ষে ড. আলী আকবর খান সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে আজ তারা বেশ কয়েকটি দলের সঙ্গে কথা বলেছেন। এর আগের দিন তারা ১৪ দলের সঙ্গে কথা বলেছেন। এছাড়া আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় পার্টি নেতাদের সঙ্গে আলোচনা শেষে এসব প্রস্তাব তারা একত্রে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে পেশ করবেন। পরে উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যবধান অনেক। এ ব্যবধান কমিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে তা কমাতে হবে তা আমরা জানি না। এজন্য প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের সম্পৃক্ত করতে হবে।
সংসদে প্রতিনিধিত্ব না থাকা সত্ত্বেও নবগঠিত রাজনৈতিক দল এলডিপি নেতাদের সঙ্গে আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত সংসদে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিলো আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। আর তাদেরও একজন প্রতিনিধি বিগত সংসদে ছিলেন বলেই আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি।”
তত্ত্বাবধায়ক সরকারের স্বল্প মেয়াদের মধ্যে সকল দায়িত্ব শেষ করা সম্ভব কিনা প্রশ্নের জবাবে আকবর আলী বলেন, “যেহেতু আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে সেহেতু অধ্যাদেশ হোক আর যেভাবেই হোক আমরা আমাদের দায়িত্ব সম্পন্ন করবো।” এছাড়া ৯০ দিন মেয়াদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানসহ সকল কাজ শেষ করা হবে বলেও তিনি নিশ্চয়তা দেন।
