সেনা মোতায়েন নিয়ে সিদ্ধান্তের প্রক্রিয়ায় ভুল ছিল: হাসান মশহুদ
তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে প্রজ্ঞাপন জারি ও জেলা প্রশাসকদের চিঠি দেয়ার প্রক্রিয়ার সমালোচনা করেছেন যোগাযোগ উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধুরী।
উপদেষ্টা কাউন্সিলের বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের প্রক্রিয়ায় ভুল ছিল। স্পর্শকাতর বিষয়ে এ ধরণের ভুল গ্রহণযোগ্য হতে পারে না। সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন থাকলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের ডেকে ব্রিফ করা যেতো। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। তাই ভুল সিদ্ধান্তটি উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে বাতিলের দাবি জানানো হয় এবং শেষ পর্যন্ত তা বাতিলও করা হয়েছে।
সাবেক সেনা প্রধান বলেন, এটা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অজ্ঞতা। এ ধরণের বিষয় মেনে নেওয়া যায়না।
এ ধরণের প্রজ্ঞাপন জারির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের করার কিছুই নেই। এটি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার ব্যাপার। তিনিই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।”
