সারা দেশ জামায়াতের বিক্ষোভ মঙ্গলবার
অবরোধ কর্মসূচির নামে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতে ইসলামী মঙ্গলবার ছয়টি বিভাগীয় শহর এবং জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।
চার দলীয় জোটের শরীক দলগুলো যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।
রাজধানীর মগবাজারে সোমবার জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আলী আহসান মুহাম্মদ মুজাহীদ বলেন, অগণতান্ত্রিক সহিংস কর্মকান্ডের মাধ্যমে আওয়ামী লীগ ও তার শরীকরা দেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সমস্যা সৃষ্টি করছে নির্বাচনী কর্মকান্ডেও।
তাদের বিক্ষোভ কর্মসূচির সময় ১৪ দলীয় জোটের সঙ্গে সংঘর্ষের আশংকা রয়েছে কিনা প্রশ্ন করা হলে মুজাহীদ বলেন, “আমরা সংঘাতে যাবো না। কিন্তু আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সঙ্গে সংঘর্ষ চাইলে, আমরা নিজেদের রক্ষা ও তাদের প্রতিহত করবো।”
জামায়াত নেতা পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ করে বলেন, অন্তবর্তী সরকার ক্ষমতা নেয়ার পর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বন্ধ হয়ে যায় এবং তারা (দলগুলো) সুষ্ঠু নির্বাচনের জন্য তখন তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করেছিলো।
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের ঘনিষ্ঠ মিত্র জামায়াত নেতা মুজাহীদ বলেন, কিন্তু এখন আওয়ামী লীগ তাদের অবৈধ দাবি নিয়ে দেশে সমস্যা সৃষ্টি করছে এবং রক্ত ঝড়াচ্ছে, যা জাতির জন্য খুবই দুভার্গ্যজনক।
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ ও তার প্রশাসনেরর পাশাপাশি নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের কার্যক্রম সমর্থন করে মুজাহীদ বলেন, “রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। তিনি খুব দ্রুত সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছেন, যা আগে কখনো হয়নি।”
নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে প্রশ্ন করা হলে মুজাহীদ বলেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিতর্কিত করার চেষ্টা চালানো সত্তেও নির্বাচন কমিশন দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এটা (নির্বাচন কমিশন) যে অক্ষম তা দেশের জনগণ বিশ্বাস করে না। নির্বাচনকে নস্যাত করে ক্ষমতা কুক্ষিগত এবং দেশকে একটি গোলাম রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগের যে কোন ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।
দেশের এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন যথাযথ হবে কিনা, এই প্রশ্নের জবাবে মুজাহীদ বলেন, তার দল পরিস্থিতি পর্যবেক্ষন করছে। কিন্তু আওয়ামী লীগ সেনা মোতায়েনের বিষয়টি প্রত্যাখান করেছে। কারণ তারা কখনোই স্বশস্ত্র বাহিনীকে বিশ্বাস করে না।
দেশব্যাপী মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আব্দুল কাদের মোল্লা ও তাসনীম আলমসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
