সেনা মোতায়েনের সিদ্ধান্ত বিধি সম্মত ছিল না: আকবর
অর্থ উপদেষ্টা আকবর আলী খান সোমবার বলেছেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত কার্যপ্রণালি বিধি সম্মত ছিল না। তার মতে “এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত।”
অর্থ, পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা খান পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “সেনা মোতায়েনের সিদ্ধান্ত কে নিয়েছিল উপদেষ্টা পরিষদ তা জানে না।”
উপদেষ্টাদের সোমবারের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছেন এবং তিনি বিষয়টি দেখবেন বলে আমাদের নিশ্চয়তা দিয়েছেন।”
সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আকবর আলী খান বলেন, অচলাবস্থা অবসানের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক আহ্বানের ব্যাপারে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সেনা মোতায়েনের ব্যাপারে জেলা প্রশাসকদের প্রতি দাপ্তরিক আদেশ জারি করে।
এ ব্যাপারে আকবর আলী খান বলেন সেনা মোতায়েন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনক্রমে নিতে হয়।”
তিনি বলেন, “গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি বলে উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত বাতিল করেছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যক্তি এ আদেশ জারি করেছেন তার বিরুদ্ধে উপদেষ্টা পরিষদ কোনও ব্যবস্থা নেবে না বলে আকবর আলী খান জানান।
তিনি বলেন, “প্রশাসন সংক্রান্ত একটি কমিটি এ বিষয়টি দেখবে।”
প্রয়োজনে যেহেতু জেলা প্রশাসন সেনাবাহিনী চাইতে পারে, তাই এ ধরনের সিদ্ধান্ত অপ্রয়োজনীয় বলে তিনি জানান।
অচলাবস্থা নিরসনে সর্বশেষ পদক্ষেপ সম্পর্কে খান বলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করার জন্য তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম কাজ করছেন।
দলগুলোর সাথে বৈঠকের জন্য রাষ্ট্রীয় একটি অতিথি ভবন বেছে নেওয়া হতে পারে বলে তিনি জানান।
