সেনা মোতায়েন নিয়ে নাটক: কালপঞ্জি
দেশে সেনা মোতায়েন নিয়ে ঘটে যাওয়া নাটকটি উন্মোচিত হলো যেভাবে-
রোববার, ১২ নভেম্বর
দুপুর প্রায় ২টা: স্বরাষ্ট্র সচিব এসএম জহুরুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলার জারি করে মন্ত্রণালয়। এতে দেশের সব জেলা প্রশাসকদের বলা হয়, সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যাজিস্ট্রেটদের প্রস্তুত রাখতে হবে।
বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা: সেনা মোতায়েনের ব্যাপারে জেলা প্রশাসকদের কাছে পাঠানো এ সার্কুলারের কথা লোকমুখে ছড়িয়ে পড়তে শুরু করে।
৫টা থেকে রাত সাড়ে ৮ টা: জনপ্রশাসন সূত্র সার্কুলারের বিষয়টি নিশ্চিত করে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই এ ব্যাপারে মুখ খোলেননি।
রাত সাড়ে ৮ টা: সেনাবাহিনীর এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সম্পর্কে তারা কিছু জানেন না।
সাড়ে ৮ টা: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিভিশন চ্যানেলগুলোতে সেনা মোতায়েন সংক্রান্ত প্রজ্ঞাপনের খবরটি দেখতে পায়।
রাত ৮ টা থেকে সাড়ে ৮টা: নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট প্রজ্ঞাপন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে শুরু করেন।
রাত ৯ টা ০৫ মিনিট: এক জেলা প্রশাসক মোবাইল ফোনে দুইজন সিনিয়র প্রতিবেদককে ‘সেনা মোতায়েনের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে ’ সংক্রান্ত প্রজ্ঞাপনটি পড়ে শোনানোর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিদ্ধান্ত নেয় খবরটি প্রকাশের।
রাত সোয়া ৯টা থেকে সাড়ে ৯টা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খবরটি আপডেট করে। সঙ্গে চিঠিটিও জুড়ে দেওয়া হয়।
রাত সাড়ে ৯টা: মন্ত্রিপরিষদের মুখপাত্র উপদেষ্টা আহবুবুল আলম বঙ্গভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, প্রজ্ঞাপনের ব্যাপারটি তারা ‘অবহিত নন’ এবং এ ব্যাপারে তারা বৈঠকেও কোনো আলোচনা করেননি।
রাত প্রায় ১০টা: ইংরেজিতে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার ওয়েবসাইটে বলা হয়, সেনাবাহিনী এরই মধে মোতায়েন করা হয়েছে।
১০টা ২০ মিনিট: সেনাবাহিনীর মুখপাত্রকে আবারও ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন তাদের হাতে এসে পৌঁছায়নি।
রাত ১১টা: টিভি চ্যানেলগুলো জানায়, রাত ১০ টা ৫৭ মিনিটে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে অস্বীকার করে সরকার একটি প্রেসনোট জারি করেছে।
রাত ১১টা ১৩ মিনিট: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পিআইডি থেকে ই-মেইলে প্রেসনোটটি পায়। যাতে বলা হয়েছে ‘সেনা মোতায়েনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি’। তবে ‘উদ্ভুত পরিস্থিতিতে তা মোতায়েন করা যেতে পারে’।
সোমবার, ১৩ নভেম্বর:
সকাল পৌনে ১২টা: রাজধানীর কারওয়ান বাজারে অবরোধকারীদের ওপর পুলিশের ভ্যান তুলে দেয়। অবরোধের প্রথম দিন রোববার পুলিশের শান্ত ভূমিকা লক্ষ্য করা গেলেও সোমবার ছিল সম্পূর্ণ এর ভিন্ন দৃশ্য। পুলিশ ওই ঘটনায় একজনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও অবরোধকারীরা এই সংখ্যা তিনজন বলে দাবি করেছে।
বিকাল ৩টা: তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভার মুখপাত্র মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন জারির কোনো ‘প্রয়োজন ছিল না’ বলে তা বাতিল করা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার জন্য চার উপদেষ্টাকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। কারওয়ান বাজার হত্যাকাণ্ডের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।
