অবরোধের খবর বিটিভিতে উপেক্ষিত
অধিকাংশ বেসরকারি চ্যানেলের সংবাদে ১৪ দল আহুত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শীর্ষ সংবাদ হলেও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রোববার রাত ৮ টার সংবাদে তা মোটামুটি উপেক্ষিতই ছিল। উপরন্তু কর্মসূচির ফলে জনভোগান্তির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
রোববার থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচির ফলে দেশের অন্যান্য এলাকার সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও তিন মিনিট ধরে উপস্থাপিত এ সংবাদটি বিটিভির সংবাদগুলোর মধ্যে নবম স্থানে ছিল।
বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের বৈঠকের সংবাদ দিয়ে শুরু হয় বিটিভির রাত ৮ টার সংবাদ।
দ্বিতীয় স্থানেই ছিল বাউচারের ঢাকা ত্যাগের খবর। এর জন্য নির্ধারিত ছিল ১৫ সেকেন্ড।
তৃতীয় সংবাদ ছিল রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) প্রতিনিধি দলের সাক্ষাৎ। এর পরেই সম্প্রচারিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ সংক্রান্ত সংবাদ।
১৪ দলের আব্দুল জলিলের সংবাদ সম্মেলনের খবর পঞ্চম স্থানে ছিল। এর পরেই সম্প্রচারিত হয় বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতাদের বৈঠকের সংবাদ।
এসব সংবাদের পরে স্থান পায় অন্যান্য রাজনৈতিক সংবাদ।
বিটিভির রাত ৮ টার সংবাদে আন্তর্জাতিক ও খেলার খবরের জন্য বরাদ্দ ছিল চার মিনিট।
অন্যান্য সংবাদের মধ্যে রাজনৈতিক সঙ্কট নিয়ে বিজিএমইএ এর উদ্বেগ, জামায়াতে ইসলামী আমীর মতিউর রহমান নিজামীর সঙ্গে আইনজীবীদের বৈঠক এবং চট্টগ্রামে অবরোধ কর্মসূচির সংবাদ।
