২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার সফল না হলে পরিস্থিতি হবে ভয়াবহ: শফি সামি

তত্ত্বাবধায়ক সরকারের কৃষি ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সিএম শফি সামি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাফল্যের কোন বিকল্প নেই। তাই তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই সফল হতে হবে। অন্যথায় দেশ ও জনগণের জন্য সৃষ্টি হবে ভয়াবহ পরিস্থিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের লাগাতার অবরোধ সম্পর্কে রোববার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, এটি শুধুমাত্র আইন শৃংখলার বিষয় নয়, সামাজিক ও রাজনৈতিক বিষয়। সামাজিক ও রাজনৈতিভাবেই এর সমাধান করতে হবে। এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) রেখে নাকি তাকে বাদ দিয়ে সমস্যার সমাধান করা হবে, এমন এক প্রশ্নের জবাবে শফি সামি বলেন, সিইসি অপসারনের ক্ষেত্রে বেশকিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে এটাও ঠিক রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। এ জন্য সাংবিধানিক ও রাজনৈতিক দুই বাস্তবতাকেই আমাদের বিবেচনায় নিতে হবে। তবে তার আগে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক বিভক্তি কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, এমন নয় যে মাত্র তিন মাসের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার সবকিছু সমাধান করে ফেলতে পারবে। তবে কিছু একটা করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।

তত্ত্বাবধায়ক সরকারের কাজ করতে গিয়ে কিছু সমন্বয়হীনতার কথা স্বীকার করে তিনি বলেন, ভবিষ্যতে প্রধান উপদেষ্টাসহ সকলের সাথে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে।