২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ কর্মসূচিতে সিরাজগঞ্জে ভাংচুর

১৪ দলের ডাকে দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে তিনটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রোববার ভোর ৬ টা থেকে ১৪ দলের নেতাকর্মীরা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকা, হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় অবরোধ সৃষ্টি করে। এসময় নলকা এলাকায় অবরোধকারীরা একটি ঢাকাগামী কোচ ও দুটি ট্রাক ভাংচুর করে।

হাটিকুমরুল গোলচত্বর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী বৈঠা-লগি নিয়ে সকাল থেকে মহাসড়কে অবস্থান নেয়। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে।

এ ছাড়া চান্দাইকোণা, ভূঁইয়াগাতী, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধ চলাকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়। অবরোধ চলাকালে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে কোন বাস চলাচল করেনি।